বিক্ষোভে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন
রাশিয়ার নির্বাচন-পরবর্তী বিক্ষোভে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিনের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।গত রোববার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বিজয়ী হলেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে সেখানে হাজার হাজার মানুষ পুতিনবিরোধী বিক্ষোভ করছে।ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী পুতিন এই প্রথম বিক্ষোভের বিষয়ে প্রকাশ্যে কোনো মতামত দিলেন। তিনি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তাঁর দেশে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিক্ষোভকে উত্সাহিত করছে এবং নির্বাচন প্রভাবিত করতে লাখ লাখ ডলার বিদেশি অর্থ ব্যবহূত হয়েছে।পুতিন অভিযোগ করে বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ক্রেমলিন-বিরোধীদের সংকেত দিয়েছেন।’হিলারির বিরুদ্ধে পুতিন আরও বলেন, তিনি কতিপয় বিরোধীদের জন্য কথা বলছেন। তাঁদের সংকেত দিয়েছেন। বিরোধীরা এই সংকেত শুনেছে এবং সক্রিয়ভাবে কাজ করা শুরু করেছে।দেশটিতে চলমান নির্বাচন-পরবর্তী বিক্ষোভ প্রসঙ্গে পুতিন বলেন, এটা স্বার্থবাদী রাজনীতিকে উসকে দিচ্ছে এবং অধিকাংশ রাশিয়ান রাজনৈতিক অস্থিরতা চায় না।পুতিন বলেন, ‘আমার এখানে সবাই প্রাপ্ত বয়স্ক। আমরা বুঝতে পারি, কিছু সংস্থা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজ করছে।’প্রসঙ্গত, দুমার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হিলারি ক্লিনটন এই নির্বাচনকে অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন।