বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনকে ভোট ডাকাতি আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামী বুধবার সব জেলা শহর, পৌরসভা ও সিটি করপোরেশনে একযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।আজ রোববার বিকেলে মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ভোলা-৩ আসনের উপনির্বাচনে কারচুপি ও ঢাকায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এই সমাবেশ ডেকেছে বিএনপি।বিএনপির নেতারা বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।উপনির্বাচন উপলক্ষে বিএনপির যেসব কেন্দ্রীয় নেতা ভোলায় গিয়েছিলেন তাঁরা নির্বাচনত্তোর ও নির্বাচনের দিন ভোলার পরিবেশ কেমন ছিল—নেতা-কর্মীদের উদ্দেশে সেই বর্ণনা দেন। নেতাদের অভিযোগ, নির্বাচনের আগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বলেছে, কেন্দ্রে গেলে জীবন নিয়ে ফিরতে দেওয়া হবে না। একই সঙ্গে বিএনপির কর্মীদের ওপর আক্রমণ করে তাঁদের ভয়-ভীতি দেখানো হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য শপথ নিয়েছিল। কিন্তু ভোলায় কমিশন সেই শপথ ভেঙেছে। এই নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনো আস্থা নেই। আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্য সদস্যদের পদত্যাগ দাবি করছি।’মোশাররফ হোসেন বলেন, ‘ভোলায় যা ঘটেছে, তাকে ভোট বলতে চাই না, এটা সরাসরি ভোট ডাকাতি। আওয়ামী লীগ যে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা যে স্বৈরাচারী—এই নির্বাচনের মাধ্যমে আবারও তা প্রমাণ হয়েছে।’সভাপতির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন বলেন, ‘এই সরকার নিজেদের গণতান্ত্রিক দাবি করে। কিন্তু জনগণের দাবিতে রাজপথে যখন আমরা কর্মসূচি পালন করতে চেয়েছি, তখন আমাদের সমাবেশে হামলা করা হয়েছে। পল্লবীতে আমাদের প্রায় ৮০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, এই নির্বাচনে আসলে বিএনপি জিতেছে। ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামকে পাকাপোক্ত করে দিয়েছে এই নির্বাচন। এই নির্বাচন প্রমাণ করে, প্রধান নির্বাচন কমিশনার এই সরকারের পদলেহনকারী।বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি আর কোনো নির্বাচন করতে দেবে না।