বিক্ষোভের মুখে ফিরে গেল যৌথ জরিপ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খেয়েছি আমরা খেতের ভাত, নিতে দেব না এক হাত’, ‘চা-শ্রমিক আর খাসিয়াদের পেটে লাথি মারা চলবে না’, ‘শতবর্ষী পাল্লাতল চা-বাগানের ৩৬০ একর জায়গা ভারতকে ছেড়ে দেওয়া যাবে না’, ‘প্রাণ গেলেও পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত ভিটা-মাটি ছাড়ব না’। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা-বাগানের শ্রমিক এবং আদিবাসী খাসিয়ারা অপদখলীয় ৩৬০ একর জায়গা রক্ষার দাবিতে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশ ও ভারতের জরিপ দল কাজ না করে ফিরে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর মূল সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি (সাবপিলার) থেকে ১৩৭৪ নম্বর মূল সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি পর্যন্ত বেশ কিছু জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ চলছিল। তবে দীর্ঘদিন ধরে জায়গাটি বাংলাদেশের দখলে আছে। গত বছরের ৮ ডিসেম্বর থেকে বিরোধপূর্ণ জায়গায় জরিপকাজ শুরু হয়। এখনো তা চলছে। মাপজোখে ভারতের প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের অপদখলে রয়েছে বলে দেখা যায়। ৩৬০ একরের মধ্যে শতবর্ষী পাল্লাতল চা-বাগান ও পাল্লাতল খাসিয়াপল্লির পানজুমের বেশ কিছু জায়গা পড়েছে। দুটি জায়গায় প্রায় তিন হাজার লোকের বসবাস। গত ৯ জুলাই বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের যৌথ একটি প্রতিনিধিদল অপদখলীয় জায়গাটি সরেজমিন পরিদর্শন করে।স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভারতের জরিপ দল থেকে খবর পাওয়া যায়, পাল্লাতলে অপদখলীয় থাকা ৬৯ একর জায়গা রেখে বাকিটা তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। সেই প্রস্তাব অনুযায়ী উভয় দেশের জরিপ দল যৌথভাবে মানচিত্র তৈরির কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা।প্রত্যক্ষদর্শীরা জানায়, এই খবরটি জানাজানি হলে পাল্লাতলের চা-শ্রমিক ও আদিবাসী খাসিয়াদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল সকাল নয়টা থেকে স্থানীয় বিভিন্ন বয়সী লোকজন চা-বাগানের কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। সকাল ১০টার দিকে বাংলাদেশের জরিপ দলের কয়েকজন কর্মকর্তা ভারতের জরিপ দলের কাছে যেতে চাইলে স্থানীয় লোকজন পথরোধ করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান সেখানে পৌঁছে ক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন। কিন্তু বিক্ষোভকারীদের অনড় অবস্থানের কারণে বাংলাদেশ ও ভারতের জরিপ দলের কাজ হয়নি। সরেজমিনে দেখা গেছে, তিন-চার শ লোক পাল্লাতল চা-বাগানের কারখানার সামনে পথরোধ করে বিক্ষোভ করছে। তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার। এ সময় চা-বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি রাজকুমার ভাগতি (৬০) ক্ষোভের সঙ্গে বললেন, ‘বাড়িঘর চলি গেলে আমরা কই যাইমু, কী করি খাইমু। জান যাইব। কিন্তু জায়গা ছাড়মু না।’ খাসিয়াপল্লির প্রধান (হেডম্যান) ও স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লুকাস বাহাদুর (৫০) বলেন, ‘জায়গাটা ভারতের হয়ে যাচ্ছে আভাস পেয়েছি। আমাদের কী হবে, ভাবুন তো।’পাল্লাতল চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, সমস্যাটি তাঁরা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছেন।বাংলাদেশের জরিপ দলের দায়িত্বে থাকা কর্মকর্তা ও ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবদুল হক বলেন, ‘৩৬০ একর জায়গা অপদখলীয়, এটা ঠিক। প্রায় আট মাস ধরে জরিপকাজ চলছে। এখন মানচিত্র তৈরির প্রাথমিক কিছু কাজ হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’বড়লেখার ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়দের আপত্তিতে উভয় দেশের জরিপকাজ হয়নি। দুই দলই ফিরে গেছে। অপদখলীয় জায়গার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি। স্থানীয় ব্যক্তিদের ক্ষোভের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’