বিক্ষোভের মুখে বাসভবন ছাড়লেন মুরসি
মিসরের রাজধানী কায়রোতে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের মুখে বাসভবন ছেড়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। প্রেসিডেন্টের বাসভবন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। ডিক্রি জারি করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো এবং নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের প্রতিবাদে গতকাল অন্তত ১০ হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এর পরও বিক্ষোভ চলছে।আন্দোলনকারীরা বলেন, স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য প্রেসিডেন্ট মুরসিকে শেষবারের মতো সতর্ক করতে তাঁরা প্রেসিডেন্ট ভবনের বাইরে এ বিক্ষোভ শুরু করেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মুরসি বাসভবন ছেড়ে অন্যত্র গেছেন বলে বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোটের তত্ত্বাবধান করতে সম্মত হয়েছে দেশের সর্বোচ্চ বিচারিক পরিষদ। এর আগে গতকাল মিসরের বিচারকদের স্বতন্ত্র সংস্থা ‘দ্য জাজেস ক্লাব’ ওই গণভোট বর্জনের ঘোষণা দেয়। বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্ট মুরসির বিরোধের পরিপ্রেক্ষিতে বিচারকদের কাছ থেকে এমন ঘোষণা আসে।গত শুক্রবার মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি। এর আগে গত ২২ নভেম্বর প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা বৃদ্ধির একটি ডিক্রি জারি করেন। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন না। বিরোধীদের অভিযোগ, ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি যে ক্ষমতা হাতে নিয়েছেন, তা আইনবহির্ভূত।