বিক্ষোভের মুখে শেয়ারবাজারে সূচক বাড়ল
দরপতনের প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে গতকাল মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সমস্যা সমাধানের আশ্বাস দিলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে। দরপতন ঠেকাতে গতকাল সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। পাশাপাশি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতা ও বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেছে। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, ‘ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) সমন্বয়ের বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। সময় বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক আশ্বস্ত করেছে।’ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই ঋণ সমন্বয়ের সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এদিকে গতকালও বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ নিয়ে টানা তিন দিন রাজধানীর মতিঝিলের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত লেনদেনের পুরোটা সময় ঢাকায় বিনিয়োগকারীরা রাস্তায় বিক্ষোভ করেন। লেনদেন শুরুর আগে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে একদল বিনিয়োগকারী মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা ডিএসইর এনেক্স ও মধুমিতা ভবনের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেন। এই দুই ভবনে বেশকিছু ব্রোকারেজ হাউস রয়েছে। পরে পুলিশ এসে তালা ভাঙে। বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করেন। এ সময় মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে তিনটায় বিক্ষোভ শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আজ বুধবারও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আন্দোলনরত অনেক বিনিয়োগকারী গতকাল লেনদেন বর্জন করেছেন। এসইসি ও মার্চেন্ট ব্যাংকারদের গতকালের বৈঠকে বাজারের তারল্যসংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এই সংকট মোকাবিলায় মার্চেন্ট ব্যাংকগুলো নিজস্ব তহবিল গঠনের অনুমতি চায়। এসইসি তাতে সম্মতি দেয়। এসইসি ও মার্চেন্ট ব্যাংকার্সের গতকালের বৈঠক শেষে যৌথ এক সংবাদ সম্মেলনে বিএমবিএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, ‘মার্চেন্ট ব্যাংকগুলো বন্ড ছেড়ে, ঋণ গ্রহণ করে ও আইপিওর মাধ্যমে নিজস্ব তহবিল গঠন করতে পারবে।’ এ সময় বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ও বিভিন্ন সমস্যার ত্বরিত সমাধানের লক্ষ্যে ‘সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন কমিটি’ নামে নয় সদস্যের একটি কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়। এসইসির একজন নির্বাহী পরিচালক কমিটির আহ্বায়ক থাকবেন। আর বিএমবিএর সাধারণ সম্পাদক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। এদিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে ২৫২টিরই দাম বেড়েছে, কমেছে ছয়টির আর অপরিবর্তিত ছিল একটির দাম। ঢাকার বাজারে মঙ্গলবার প্রায় ৩৬০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৩৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১২৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে ১৬৬টিরই দাম বেড়েছে, কমেছে ১১টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে ৪৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদে বিনিয়োগকারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী প্রমুখ। এতে তাঁরা আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, শেয়ারবাজার ইনভেস্টর ফোরাম বগুড়ার ব্যানারে একদল বিনিয়োগকারী গতকাল বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বগুড়া কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় আইসিবি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিনিয়োগকারীরা।