কালিহাতীতে আ.লীগ প্রার্থীর বাড়িতে অভিযান
বিক্ষোভের মুখে সেনাক্যাম্পের কর্মকর্তা প্রত্যাহার
ভোটের আগের দিন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বাড়িতে সেনা অভিযান ও কয়েকজন কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীর নির্বাচনী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।শনিবার গভীর রাতে সেনাবাহিনী এই অভিযান চালায়। ঘটনা জানাজানি হলে গতকাল রোববার সকালে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেন। তাঁদের প্রতিবাদের মুখে সেনাক্যাম্পের দায়িত্বরত মেজরকে প্রত্যাহার করা হয়। সেখানে আরেক সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।আজ সোমবার টাঙ্গাইলের নয়টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। এর মধ্যে টাঙ্গাইল সদর ও কালিহাতী পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত শুক্রবার সন্ধ্যায় কালিহাতীতে সেনাসদস্যরা আসেন এবং শনিবার থেকে টহল শুরু করেন।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে পাঁচ-সাতজন সেনাসদস্য অস্ত্র ও হকিস্টিক নিয়ে তাঁর বাড়িতে যান। সেখানে অবস্থানরত তাঁর কর্মী মোশারফ হোসেন ও তাঁর ছেলে মামুন, মঙ্গলচন্দ্র সূত্রধর, মুকুলচন্দ্র পাল, মাসুদ আলী, জেয়াদ ও উজ্জ্বল তালুকদারকে সেনাসদস্যরা ধরে বাড়ির অদূরে নিয়ে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়েছেন। প্রায় এক ঘণ্টা নির্যাতন চালিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।নির্যাতিত ব্যক্তিদের মধ্যে মোশারফ হোসেন, মামুন ও মঙ্গলচন্দ্র সূত্রধরকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন মোশারফ বলেন, সেনাসদস্যরা তাঁকে ও তাঁর ছেলেকে ধরে নিয়ে পেটাতে শুরু করেন। চিৎকার করলে পিটুনির মাত্রা আরও বেড়ে যায়।মঙ্গলচন্দ্র সূত্রধর বলেন, ‘আমি আনসার আলীর বাড়িতে হেরা গুশাই নামের এক সাধুকে সেবাশুশ্রূষা করি। সেনাসদস্যরা বাড়িতে ঢুকেই প্রথমে আমাকে ধরেন। পরে অন্যদের সঙ্গে করে নিয়ে যান এবং বেদম পেটান।’স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা বলেন, আহত ব্যক্তিদের নিতম্ব থেতলে গেছে।এদিকে আনসার আলীর বাড়িতে সেনা অভিযান এবং কয়েকজনকে নির্যাতনের খবর জানাজানি হলে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিভিন্ন এলাকার দলীয় কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা সেনাসদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিক্ষোভ শুরু করেন।বিকেলে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার বলেন, ‘সেনাসদস্যরা আমাদের কর্মীদের ওপর পাকবাহিনীর মতো আচরণ করেছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আমরা উত্তেজিত কর্মীদের বুঝিয়ে-শুনিয়ে শান্ত করেছি।’কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মামুন উল হাসান জানান, এই খবর শুনে সেনাবাহিনীর পক্ষ থেকে কর্নেল মঞ্জুর, মেজর মোহাম্মদ সাইফ, মেজর আবদুল্লাহ আল ফারুকীসহ কয়েকজন কর্মকর্তা এসে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে কালিহাতী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নেছারকে প্রত্যাহার করে মেজর কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আনসার আলীর নির্বাচনী এজেন্ট এ বি এম নুরুল আলম প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি তদন্ত-পূর্বক দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।