বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশের নির্বাচনে প্রভাব ফেলে: খালেদা জিয়া
সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে বিগত নির্বাচনকে প্রভাবিত করেছে। তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের অনুসারী হলেও সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। গতকাল বৃহস্পতিবার হাউস অব লর্ডসে ব্রিটেন-বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এন মেন এমপির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি নিয়ে এন মেন এমপির সঙ্গে কথা বলেছেন। ব্রিটেন-বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এন মেন এমপি বাংলাদেশের মানবাধিকার রক্ষার বিষয়টির ওপর জোর দেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বারস্থ হবেন।সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।