রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষ কাল
বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার করতে হবে: মওদুদ আহমদ
রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা কাল বৃহস্পতিবার শেষ হবে। গত ৪ জানুয়ারি এ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। আজ বুধবার ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা দুই দফা ওয়াকআউট করেন। দুই পক্ষের মধ্যে ক্ষণে ক্ষণে উত্তেজনা দেখা দিলেও সংসদ ছিল মোটামুটি প্রাণবন্ত।আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের মওদুদ আহমদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার দাবি করে বলেন, দুর্নীতি দমনের নামে ফখরুদ্দীন-মইনউদ্দিনের সরকারের গুটিকয়েক সেনা কর্মকর্তা গভীর দুর্নীতিতে ডুবে গিয়েছিলেন। তাঁরা সংবিধান লঙ্ঘন করেছেন। রাজনীতিবিদদের নির্যাতন করেছে। প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে ধ্বংস করেছে আর দুর্নীতিতে তাঁরা দেশকে ছেয়ে ফেলেছিলেন। তিনি মইন উ আহমেদসহ বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশের দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সংসদের প্রথম অধিবেশনে এ শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। তাহলে এখন তা করতে বাধা কোথায়।’আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলেন, ‘১/১১ করে মইন উ আহমেদ অনেক অন্যায় করেছেন। আমার বিরুদ্ধে তাঁরা অনেক মামলা দিয়েছেন। এমনকি আমার ডাক্তার কন্যার বিরুদ্ধে তাদের মিথ্যে মামলা দিতে ভয় পাননি। কিন্তু এই অন্যায়কারী জেনারেল মইনকে তো এই বিএনপিই সেনাপ্রধান করেছিল জেনারেল জহিরকে ডিঙিয়ে। ফখরুদ্দীন আহমেদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা বানিয়েছিল। আর জেনারেল মাসুদ কার ভায়রা ছিলেন সেটাও জানা দরকার।’তোফায়েল বলেন, ‘অবশ্যই আমরা জেনারেল মইনের কর্মকাণ্ডের নিন্দা করি। কিন্তু বিএনপি যদি মইনের ভূমিকার নিন্দা করেন তাহলে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যিনি সেনাশাসক হয়েছিলেন তার কথা তারা কীভাবে বলবে।’ তোফায়েল আহমেদের এ বক্তব্যের সময় বিএনপির সদস্যরা চিত্কার করে এর প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁরা সংসদ থেকে ওয়াক আউট করেন।মওদুদ আহমদ বলেন, ‘সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান নিয়ে আলোচনা হচ্ছে। আমি বঙ্গবন্ধুর সঙ্গে জিয়ার তুলনা করব না। কিন্তু সরকারি দল শহীদ জিয়ার সমালোচনা করে বঙ্গবন্ধুকে খাটো করছে। বঙ্গবন্ধুর স্থান অনেক ওপরে। কিন্তু এটাও ঠিক যে স্বাধীনতার এক সংকটজনক সময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’বিগত তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক, ক্যাঙ্গারু সরকার আখ্যায়িত করে মওদুদ আহমদ বলেন, ‘তারা রাজনীতি আর রাজনীতিবিদদের ধ্বংস করার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছিল। একজন প্রধানমন্ত্রী কি চাঁদাবাজি করতে পারেন?’ মওদুদ আহমদ বলেন, ‘বিগত ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকার ৫০০ বছর আগের মতো নির্যাতন করেছে মানুষের ওপর। অন্ধকার ঘরে আমাদের রাখা হয়েছিল। তেলা পোকা, ইঁদুর, আরশোলা ও টিকটিকি ছিল আমার কক্ষের বন্ধু।’ তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, ওই সময়ের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দুই কর্মকর্তা জেনারেল আমিন, জেনারেল বারী এবং উপদেষ্টা এম এ মতিনের বিচার করতে হবে। আর বর্তমান সরকার বিচার করতে ব্যর্থ হলে জনগণ একদিন নিশ্চয়ই এর বিচার করবে।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, বিএনপির মাহাবুবউদ্দিন খোকন, জামায়াতের হামিদুর রহমান প্রমুখ।