বিচ ভলিবলের উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনৈক উসাইন বোল্টের সৌজন্যে লন্ডন অলিম্পিকে ১০০ মিটার ফাইনালের দিনের টিকিট নিয়ে সবচেয়ে বেশি কাড়াকাড়ি হয়েছে। এরপর লন্ডন অলিম্পিকে কোন খেলার টিকিটের সবচেয়ে বেশি চাহিদা ছিল অনুমান করতে পারেন? বিচ ভলিবল!খেলাটা অলিম্পিকে খুব বেশি দিন হলো ঢোকেনি। ১৯৯৬ আটলান্টা গেমসে বিচ ভলিবলের অভিষেক। এরপর ‘এলাম, দেখলাম, জয় করলাম’ গল্প। দর্শক-আগ্রহের বিচারে এটাই নাকি এখন অলিম্পিকের জনপ্রিয়তম খেলা!সেই জনপ্রিয়তার সাক্ষী হতে গত পরশু রাতে উঁকি দিলাম বিচ ভলিবলে। লন্ডন অলিম্পিকে বিচ ভলিবলের ভেন্যুটাই যথেষ্ট দর্শনীয়। জায়গাটার নাম হর্স গার্ড প্যারেড। রাজপরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা অশ্বারোহী বাহিনীর সম্মানে এই নামকরণ। প্রতিবছর রানির জন্মদিনে বিশেষ প্যারেড হয় এখানে। লন্ডনের একেবারে প্রাণকেন্দ্রে পাঁচ হাজার টন বালু ফেলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত। গ্যালারিতে বসে বিগ বেন দেখা যায়, দূরে লন্ডন আই-ও। তার চেয়েও বড় কথা, বিচ ভলিবল হচ্ছে একেবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাড়ির আঙিনায়। বিচ ভলিবল কোর্টটা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ঠিক পেছনেই।বিচ ভলিবল নিয়ে দর্শকদের বিপুল আগ্রহের কারণ নিয়ে নানা কথা আছে (আসলে একটাই কথা, যা পরে বলছি)। খেলাটা এমন কিছু নয়। বলতে গেলে ভলিবলের নিয়মই, তবে গেম হয় ২১ পয়েন্টে আর প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা মাত্র ২। দর্শকেরা যত না খেলা দেখতে যায়, তার চেয়ে বেশি স্বল্পবসনা নারী দেখতে—এই মতের প্রচুর সমর্থক। বিশ্বজুড়ে বস্ত্রসমস্যার কথা ভেবে বিচ ভলিবলের মেয়েরা যতটুকু না ঢাকলেই নয়, এর বেশি কাপড়ের অপচয় করে না। যুক্তি তো আছেই। সৈকতের খেলা, বিকিনি পরে খেলাই উচিত।মজাটা হলো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা অন্য। ছেলেরা খেলে হাতকাটা গেঞ্জি ও শর্টস পরে। নারীবাদীদের অবশ্যই এই বৈষম্যের প্রতিবাদ করা উচিত। কবে যেন টেলিভিশনে দেখলাম, কেউ কেউ তা করছেনও। বিচ ভলিবল-ফেরত দর্শকদের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছিল। এক তরুণী বললেন, মেয়েরা যদি বিকিনি পরে খেলে, ছেলেদেরও তো স্পিডো-টিডো জাতীয় সুইম স্যুট পরে খেলা উচিত। একটু পরে আরেকজন মেয়ের মুখেও একই কথা। প্রতিবাদ করছেন ঠিকই, তবে মুখে কিন্তু হাসি। আসলে বিচ ভলিবলটাকে সবাই একটু মজার চোখেই দেখে।ডেভিড ক্যামেরন যেমন মজা করে বলেছেন, বাড়িতে বসেই বিচ ভলিবল দেখার জন্য ডাউনিং স্ট্রিটের গাছপালা কেটে ফেলবেন কি না ভাবছেন। ডাউনিং স্ট্রিটের মুখপাত্রের রাজনৈতিক ব্রিফিংয়েও ‘বিচ ভলিবল’ প্রসঙ্গ এসেছে। মুখপাত্র খুব সিরিয়াস মুখে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বিচ ভলিবল দেখা যায় না। তবে আওয়াজ পাওয়া যায়।তা তো পাওয়া যাবেই। আওয়াজের খেলাই তো এটি। প্রায় সারাক্ষণই জোরে গান বাজছে, চিল্লাচিল্লি তো আছেই। একটু পরপরই দর্শকদের আনুষ্ঠানিকভাবে চিৎকার করতেও বলা হচ্ছে। খেলার বিরতির সময়টা তো রীতিমতো নাচে-গানে ভরপুর। স্বল্পবসনা (বারবার এক কথা!) মেয়েরা কোর্টে নেমে গানের তালে তালে নাচছেন। দর্শকদের আসলেই চোখ সরানোর উপায় নেই!গত পরশু অবশ্য দর্শকদের খুব হতাশ হতে হলো। বিচ ভলিবলের সঙ্গে বৃষ্টিটা একদমই যায় না, অথচ ব্রাজিলের লারিসা-জুলিয়ানা জুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কেসি-রস জুটির সেমিফাইনালের প্রায় পুরোটা সময়ই ঝিরিঝিরি বৃষ্টি। হতাশার আসল কারণ অবশ্য অন্য। সারা বছর রোদে পোড়ায় অভ্যস্ত ব্রাজিলের দুই মেয়ে লন্ডনের ঠান্ডা সহ্য করতে না পেরে সর্বাঙ্গ ঢেকে কোর্টে নেমেছেন! আশপাশের দর্শকদের খুবই বিমর্ষ মনে হলো। হওয়ারই কথা। ব্রাজিলিয়ান মেয়েরাও যদি এমন করে, তা হলে তো পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই!ইচ্ছা করলেই যে বিচ ভলিবলে যেমন ইচ্ছা পোশাকে নামা যায়, তা কিন্তু নয়। বিশেষ পরিস্থিতি ছাড়া মেয়েদের জন্য বিকিনিটা বাধ্যতামূলকই। কী যেন একটা নিয়ম আছে। শুধু তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামলেই নাকি ড্রেস-কোডে ছাড় মেলে।মার্কিন দুই তরুণীর বোধহয় শীতটা একটু কম। কেসি আর রস তাই বিকিনি পরেই খেললেন। দর্শকদের সমর্থনটা যে ওদিকেই বেশি দেখলাম, পোশাক এর একটা কারণ হলেও হতে পারে।