বিচ হ্যাচারির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারসাজির মাধ্যমে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়ানো এবং বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস আরাফাত সিকিউরিটিজ লিমিটেডকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ ও অনুমোদিত প্রতিনিধি মজিবুর রহমানকে জরিমানা করা হয়েছে আরও ১০ লাখ ও এক লাখ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ও জড়িত ব্যক্তিদের ৫১ লাখ টাকা জরিমানা গুনতে হবে। শেয়ার কারসাজির ঘটনায় কোনো ব্রোকারেজ হাউসকে এ পরিমাণ জরিমানা করার ঘটনা এটাই প্রথম।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১৭ জানুয়ারি এক আদেশে এ জরিমানার কথা জানায়। ১৫ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার টাকা এসইসির অনুকূলে জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর একই অপরাধে এসইসি আরাফাত সিকিউরিটিজের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছিল। কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে মাত্র ১৪ দিনের মাথায় স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এসইসি।যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘আরাফাত সিকিউরিটিজের লেনদেনে বেশ কিছু অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। এ কারণেই তাদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে একটি বার্তা দিতে চেয়েছি, যাতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।’জানা গেছে, আরাফাত সিকিউরিটিজ বিচ হ্যাচারির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে দেড় কোটি টাকার মতো মুনাফা করে। যখন কারসাজির ঘটনা ঘটে, তখন বিচ হ্যাচারি ‘জেড’ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল।এসইসি সূত্র বলছে, ২০০৯ সালের জানুয়ারি মাসের পর থেকে বিচ হ্যাচারির শেয়ারের লেনদেন ও দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এভাবে দাম বাড়ার বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় গত এপ্রিল মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন তদন্ত করার সিদ্ধান্ত নেয় এসইসি। তদন্ত শেষে দেখা যায়, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক বেড়েছিল মাত্র ১ দশমিক ৬৯ শতাংশ। কিন্তু এই সময়ের মধ্যে বিচ হ্যাচারির শেয়ারের দাম বাড়ার হার ছিল ৬৪৩ শতাংশের বেশি। এর মধ্যে গত বছরের ৫ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ার পাঁচ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে লেনদেন হয় ২৩ টাকা ১০ পয়সায়। অর্থাত্ মাত্র ৩৯ লেনদেন দিবসেই শেয়ারটির দাম বাড়ে ৩০০ শতাংশের মতো। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা থেকে বারবার জানতে চাইলেও কোম্পানি কর্তৃপক্ষ দাম বাড়ার যুক্তিসংগত কোনো কারণ জানাতে পারেনি। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল মাত্র পাঁচটি লেনদেন দিবসে শেয়ারটির দাম বাড়ে আরও ৪৭ শতাংশের বেশি। এ সময় অবশ্য শেয়ার অজড়করণসহ (ডিমেট) সমুদ্রগামী চারটি জাহাজ কেনার মতো দুটি মূল্য সংবেদশীল তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে ডিএসইর অনুসদ্ধানের জবাবে কোম্পানি জানায়, জাহাজগুলো কিনতে তাদের ৬০ কোটি টাকা খরচ হবে এবং এ জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে।তৃতীয় দফায় ৬ মে থেকে ২১ জুন ২৩ লেনদেন দিবসে শেয়ারটির দাম বাড়ে ৬৫ শতাংশ। এ সময় কোম্পানির ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণার খবর ছিল ডিএসইর ওয়েবসাইটে।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দফায় শেয়ারটির দাম পাঁচ টাকা ৮০ পয়সা থেকে প্রায় আট গুণ বেড়ে ৪৩ টাকা ১০ পয়সায় গিয়ে ঠেকে। মূলত এ সময় আরাফাত সিকিউরিটিজের আটজন গ্রাহকের হিসাবে কেনা হয় ১৭ লাখ ৭৩ হাজার শেয়ার। এর বিপরীতে ছয় লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি করা হয়। কিন্তু গ্রাহকদের হিসাবে শেয়ারগুলো ক্রয় সম্পাদন হওয়ার পর তা স্থানান্তর করা হয় মোহাম্মদ আবদুল্লাহ ও মজিবুর রহমানের নামে। এর মধ্যে সাত লাখ ১০ হাজার শেয়ার আবদুল্লাহ এবং দুই লাখ ৫০ হাজার ৫০০ শেয়ার মজিবুর রহমানের নামে স্থানান্তরিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এটা পরিষ্কার যে বিভিন্ন গ্রাহকের হিসাবে কেনা হলেও আরাফাত সিকিউরিটিজের প্রধান নির্বাহীই ছিলেন শেয়ারগুলোর প্রকৃত ক্রেতা। সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যাংকের মাধ্যমে জাহাজ কেনাসংক্রান্ত খবরের ভিত্তিতে আরাফাত সিকিউরিটিজের গ্রাহকদের হিসাব ব্যবহার করে কম দামে তিনি পরোক্ষভাবে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং লেনদেনযোগ্য শেয়ার সরবরাহে সংকট তৈরি করেন। এভাবে কৃত্রিম সংকট তৈরিই শেয়ারের দাম বাড়ার মূল কারণ।এর বাইরে ব্রোকারেজ হাউসটির বিরুদ্ধে বিচ হ্যাচারির শেয়ার ‘শর্টসেল’ করার অভিযোগ পাওয়া গেছে। সাধারণত কোনো গ্রাহকের হিসাবে শেয়ার না থাকা অবস্থায় বা লেনদেন নিষ্পত্তি হওয়ার আগেই বিক্রি করাকে শর্টসেল বলে। পুঁজিবাজারের নিয়মানুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু আরাফাত সিকিউরিটিজ কয়েকজন গ্রাহকের হিসাবে শেয়ারের লেনদেন নিষ্পত্তি হওয়ার আগেই বিক্রি করেছে। নিয়মানুযায়ী জেড শ্রেণীর কোম্পানির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগে ১০ লেনদেন দিবস। অর্থাত্ এই সময়ের আগে জেড শ্রেণীর কোনো শেয়ার কিনে তা বিক্রি করা যাবে না।যোগাযোগ করা হলে মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জরিমানার আদেশসংক্রান্ত এসইসির চিঠি আমাদের হাতে এসেছে। আমরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাব।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।