বৃষ্টি উপেক্ষা করে একে একে সবাই এসেছেন। বাবা, ভাই, স্বামী, শ্বশুর-শাশুড়ি ও বন্ধুরা। সবার বুকে কালো ব্যাজ। হাতে কালো ব্যানার। তাতে লেখা, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এর বিচার চাই’। ১০ আগস্ট সীতাকুণ্ডে ট্রেনে ছোড়া পাথরের আঘাতে নিহত প্রকৌশলী প্রীতি দাশের স্বজন ও বন্ধু তাঁরা। ট্রেনে পাথর ছুড়ে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে তাঁরা চট্টগ্রাম নগরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন ও সংবাদ সম্মেলন করেন। হত্যার বিচারের দাবি করেন। তাঁরা ঘটনার পুনরাবৃত্তি রোধে ১১ দফা দাবিনামা পেশ করেন। মানববন্ধনে সাধারণ মানুষও অংশ নেন। সংবাদ সম্মেলনে তাঁরা বললেন, প্রীতির মতো এমন পরিণতি যেন আর কারও না হয়। কোনো স্বপ্ন যেন আর এভাবে ভেঙে না যায়। প্রীতির স্বামী মিন্টু দাশ বলেন, ‘যিনি পাথর নিক্ষেপ করেছেন, তিনি হয়তো জানেন না, এটা কত বড় পরিণতি ডেকে আনছে আরেকজনের জীবনে। আর যেন কেউ এমন নির্মমতার শিকার না হন।’ ট্রেনে পাথর ছুড়ে হত্যা বন্ধে মিন্টু দাশ ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রীতির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান, পুলিশি ব্যবস্থা জোরদার, ট্রেনে জরুরি চিকিৎসা দল রাখা, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা, বিলবোর্ডের মাধ্যমে শাস্তি কী, তা লিখে দেওয়া এবং এই ধরনের ঘটনার যারা শিকার, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি। প্রীতির বাবা দিলীপ দাশ মেয়ের বেড়ে ওঠার স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় আহত ইছারুহুল উল্লাহ নামের এক তরুণ তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি স্কুলে পড়ার সময় ট্রেনে যাওয়ার পথে পাথরে আহত হয়েছিলেন। এ জন্য তাঁকে দীর্ঘদিন ভুগতে হয়েছে বলে জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিটি করপোরেশনের নারী কাউন্সিলর ফেরদৌস বেগম, প্রীতির শ্বশুর সুকুমার দাশ, বন্ধু মশিউর রহমান প্রমুখ।বন্ধুসভার মানববন্ধন: নরসিংদী প্রতিনিধি জানান, ট্রেনের মধ্যে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে শোভাযাত্রা ও মানববন্ধন করেছে প্রথম আলোর নরসিংদী বন্ধুসভা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নরসিংদী রেলস্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শুরু করার আগে ১০ আগস্ট চট্টগ্রামে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে নিহত প্রকৌশলী প্রীতি দাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুসভার সদস্যরা। মানববন্ধন শেষে তাঁরা একটি শোভাযাত্রা বের করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রণব কুমার দেবনাথ, কাজী আল আমিন, ওমর ফারুক, বাপ্পী দাস, উৎপল রায় প্রমুখ।