বিচার চেয়ে কাঁদছেন দুই মা
ঘরের পাশেই পাহাড়। তার কোল ঘেঁষে মাঠ। সেখানে সঙ্গীদের সঙ্গে খেলে বেড়াত আরমান। আট বছরের ছোট শিশুটি কখনোবা চলে যেত পথের ধারে। খুঁজে ফিরত কচি প্রাণে তড়পাতে থাকা হাজারো কৌতূহলের উত্স। হঠাত্ একটি বুলেট এসে স্তব্ধ করে দিল তাকে। বুলেটটি বলে দিল, তার পাশে বিচরণ করা কিছু মানুষ কত নির্মম!গতকাল সোমবার চট্টগ্রামে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ঝরে যাওয়া কচি প্রাণই এই আরমান।ছেলের বুলেটবিদ্ধ হওয়ার খবরে উদভ্রান্তের মতো ছুটে আসেন মা আছিয়া বেগম। ঘটনাস্থলে তাঁর জন্য অপেক্ষা করছিল জগতের সবচেয়ে বড় বিস্ময়। যে সন্তানকে তিল তিল করে স্নেহ-মমতায় এত বড় করে তুলেছেন, সে পড়ে আছে নিথর! প্রাণ নেই ধড়ে! আহাজারি করতে করতে আছিয়া বেগম বলছিলেন, ‘আমার ছোট ছেলে আমারে গিয়া কয়, “আম্মা, আরমান ভাইয়া গুলি খায়ছে।” আল্লাহ, আমার এই সর্বনাশটা কেন করলা! আমার পোলার কী দোষ ছিল?’সিআরবি রেলভবনের পাশের বস্তিতে আরমানদের বাসা। গতকাল দুপুরে সিআরবি এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মারামারি লাগার কিছুক্ষণ আগে সে বাসা থেকে বের হয়। আশপাশে তার ছোট ভাইসহ আরও কয়েকজন সহপাঠী ছিল। গুলি এসে লাগে তার মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। আছিয়া বলেন, ‘প্রায় সারাক্ষণ মাঠে গিয়ে খেলাধুলা করত আমার ছেলে। কিছুক্ষণ আগে আরমান ঘর থেকে বের হয়। তার নানার বাসাও কাছে। সেখানেও যাবে বলছিল। কিন্তু এ কী হলো! আমার ছেলে হত্যার বিচার চাই।’বাবা ছিদ্দিক আহমদ ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। আরমানরা তিন ভাই। আরমান মেজ। তাদের বাড়ি কিশোরগঞ্জে। এ ঘটনায় নিহত হন সাজু পালিত নামের আর এক যুবক। তিনি নন্দনকানন দুই নম্বর গলির কানু পালিতের ছেলে। তিনি যুবলীগের রাজনীতি করতেন বলে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে। সাজুর মা মিনতি পালিত ও বোন মুন্নী দাশ হাসপাতালে ভাইয়ের লাশ ধরে বিলাপ করছিলেন। আহাজারি করতে করতে মিনতি বলেন, ‘অজিত (সাজুর বন্ধু) আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। আমি যদি আগে জানতাম কোনো ঝামেলায় যাচ্ছে, তাহলে যেতে দিতাম না। আমার ছেলেকে ওরা ডেকে নিয়ে মেরে ফেলল। আমি বিচার চাই।’জানা গেছে, যুবলীগের নেতা হেলাল আকবর বাবরের পক্ষে সাজুকে নিয়ে গিয়েছিলেন সহপাঠীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানের বাইরে দাঁড়িয়ে সাজু ডালপুরি খাচ্ছিলেন। এ সময় একটি গুলি এসে সাজুর মাথায় লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সাজু।