বিচার ছাড়াই নেত্রীদের মুক্তির সম্ভাবনায় মরিয়ার্টির উদ্বেগ
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিচার-প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁদের মুক্তির সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ‘কার্যকর কৌশল’ হিসেবে প্রধান দু্ই নেত্রীকে মুক্তি দেওয়া প্রয়োজন—তখনকার ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেন মরিয়ার্টি।সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনীতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে ঢাকার মার্কিন দূতাবাস থেকে তারবার্তাটি পাঠানো হয়।তারবার্তা অনুযায়ী, ২০০৮-এর ১ মে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পিনাক রঞ্জন চক্রবর্তী মরিয়ার্টিকে বলেন, দুই নেত্রীর বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ একেবারে প্রত্যাহার করা হোক, এমনটা তিনি চান না। বরং তিনি চান, হাসিনা-খালেদাকে জামিনে মুক্তি দিয়ে কিছুটা হাঁফ ছাড়ার সুযোগ দেওয়া হোক। দুই নেত্রীকে নির্বাসিত করার মাধ্যমে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কথা এ সময় উল্লেখ করেন পিনাক রঞ্জন চক্রবর্তী।মার্কিন রাষ্ট্রদূত তখন বলেন, বিচার-প্রক্রিয়া শেষ হওয়ার আগেই শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে তাঁদের শাসনামলের রাজনৈতিক দায়মুক্তির সংস্কৃতি ফিরে আসতে পারে, যা ছিল দুর্নীতিতে জর্জরিত।পিনাক রঞ্জন চক্রবর্তী মরিয়ার্টিকে আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে তিনি চিন্তিত, কারণ অস্থিতিশীল পরিবেশেই সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়ে উঠতে পারে। জামায়াতে ইসলামী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে পিনাক রঞ্জন বলেন, এই দলটি ‘সংশোধন অযোগ্যভাবে ভারতবিরোধী’। মার্কিন রাষ্ট্রদূতকে তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি সরকার মাঝেমধ্যে অস্বীকার করে। বিশেষ করে ভারতে হামলার উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় জঙ্গিদের কথা। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে স্বচ্ছন্দবোধ করছে। তবে ভারতের ক্ষেত্রে এর গতি ধীর।