বিচার থেকে রেহাই পাচ্ছেন না মুসা কুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা ব্রিটেন ও আন্তর্জাতিক বিচারব্যবস্থা থেকে রেহাই পাবেন না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান বলে দ্য গার্ডিয়ানের অনলাইনে বলা হয়েছে। উইলিয়াম হেগ বলেছেন, ‘কুসাকে ব্রিটিশ সরকার বা আন্তর্জাতিক বিচারব্যবস্থা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি।’উইলিয়াম হেগ আরও বলেন, ‘কুসাকে বহিষ্কার করা হয়েছে এবং মুয়াম্মার গাদ্দাফির শাসন অচিরেই ভেঙে পড়বে।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গাদ্দাফির অনুগতদের মুসা কুসার পথ অনুসরণ করারও আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা কুসাকে জিজ্ঞাসাবাদ করছেন ।এদিকে স্কটল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, ১৯৮৮ সালে লকারবি বিমান হামলার বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কুসাকে জিজ্ঞাসাবাদ করবেন। ওই সময়ে কুসা গাদ্দাফির গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে ছিলেন। এ বিমান হামলায় তাঁর হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।মুসা কুসা গত বুধবার রাতে গাদ্দাফিকে ত্যাগ করে ব্রিটেনে আসেন। তিনি ব্রিটিশ কর্মকর্তাদের জানান, তিনি আর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নন। মুসা কুসা গাদ্দাফির বিশ্বস্ত সহযোগী হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন।