বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনায় ফৌজদারি আইনে দায়ের করা মামলার বিচার এ বছরেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সাক্ষীর সংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিচার শুরুর পর এ পর্যন্ত ৪৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এসব সাক্ষী ২৭৫ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছেন। এতে করে দেখা গেছে, এ মামলার যে বিপুল পরিমাণ সাক্ষী আছেন, তাঁদের সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই। এ কারণে সাক্ষীর সংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। কম সাক্ষী নেওয়া হলে এ বছরের মধ্যে মামলার বিচার শেষ করা সম্ভব হবে। আগামী মার্চ মাস থেকেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দিতে শুরু করবেন।এ প্রসঙ্গে জানতে চাইলে একাধিক আসামির আইনজীবী ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ড কী কারণে হয়েছে, তা কোনো সাক্ষী বলতে পারেননি। তিনি বলেন, তাঁরা অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ সাক্ষীর। তিনি এলে হয়তো ঘটনার কারণ জানা যাবে।বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি ৫০০ দিন ধরে মামলাটি তদন্ত করে। এরপর গত বছরের ১২ জুলাই এ ঘটনায় দুটির (হত্যা এবং অস্ত্র-বিস্ফোরক আইনে) অভিযোগপত্র জমা দেয় সিআইডি। তাতে ৮২৪ জনকে আসামি করা হয়। ২০১০ সালের ৫ জানুয়ারি বিচার শুরু হয়। এ জন্য কারাগার সংলগ্ন মাঠে একটি অস্থায়ী জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়।বিচার শুরুর পর পরই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ ফেব্রুয়ারি মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। নতুন করে তদন্তের পর গত বছরের ২১ মার্চ আরও ২৬ জনকে অভিযুক্ত করে বর্ধিত অভিযোগপত্র দাখিল করা হয়। এ নিয়ে আসামির সংখ্যা দাঁড়ায় ৮৫০ জন। আসামিদের মধ্যে ২১ জন পলাতক এবং দুজন মারা গেছেন। বিডিআর সদস্যদের বাইরে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা (সাবেক বিডিআর সদস্য) তোরাব আলীকে আসামি করা হয়।এর আগে মামলার তদন্ত পর্যায়ে দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁদের মধ্যে ৩৯ জন বেসামরিক। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক হাজার ৫০৪ জনকে অব্যাহতি দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে প্রত্যেকের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পরিকল্পনার সঙ্গে ২৩ জন বেসামরিক লোক জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করে সিআইডি।বিডিআর বিদ্রোহের মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিমসহ একাধিক সাংসদ, র্যাব কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, পুলিশ, সেনাসদস্যসহ সাত হাজার ৯৭৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তাঁদের মধ্যে সাধারণ নাগরিক ৪৩১ জন। আর বিডিআরে কর্মরত সাধারণ সদস্য আছেন ৩১১ জন।রাষ্ট্রদ্রোহ মামলা: বিডিআর বিদ্রোহের পরে ঢাকার বাইরে বিদ্রোহের ঘটনা নিয়ে ৪০টি মামলা করা হয়। ২৮টি জেলার ৩৭টি থানায় এসব মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১২০(ক)/১২১ ও ২১২(ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়। মামলাগুলোতে এক হাজার ৭২১ জনকে আসামি করে ওই সব বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এসব আসামির মধ্যে ১৮ জন উপসহকারী পরিচালক (ডিএডি), ১৫ জন বিডিআরের সাধারণ কর্মচারী ও দুজন সাধারণ মানুষ ছিলেন।বিডিআরের সূত্র জানায়, মামলাগুলো নালিশি মামলা হিসেবে আদালতে দায়ের করা হয়। এরপর কোনোরকম তদন্ত ছাড়াই আদালতের দেওয়া পরোয়ানায় বিডিআর সদস্যদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বাদী হয়ে এসব মামলা করেন।মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিডিআরের নিজস্ব আইনে যাঁরা সাজা পেয়েছেন, তাঁদের নাম পরে মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।