বিচার দ্রুত নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করতে বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতে সমন জারি, জবাব দাখিল ও সাক্ষ্য নেওয়ার সময় সুনির্দিষ্ট করা নেই। সে জন্যই মামলা পরিচালনার ধাপগুলোয় সময় নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানই এ দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের আলোকেই সুপ্রিম কোর্ট কাজ করে যাচ্ছেন।আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের জবাবদিহি নিয়ে নানাজন নানাভাবে আলোচনা করেন। তবে সংবিধানেই রাষ্ট্রের তিনটি (আইন, বিচার ও নির্বাহী) বিভাগের দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। সেখানে বিচার বিভাগের বিষয়টিও উল্লেখ আছে। সংবিধান অনুযায়ী তাদের জবাবদিহির বিষয়টি নির্ণিত হবে। কেউই সংবিধানের বাইরে নয়।ফজলে রাব্বী মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির এজলাসের সামনে বিরোধী দলের সমর্থক আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শনের ঘটনা অনভিপ্রেত। কারণ শুধু বিচারক নন, আইনজীবীরাও আদালতের অংশ। ভবিষ্যতে আইনজীবীরা যদি এমন কোনো কাজ করেন, যাতে আদালতের মানহানি বা কাজ ব্যাহত হয়, তবে আদালত তাঁদের বিরুদ্ধে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন।মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের স্বার্থ সংরক্ষণে মামলা পরিচালনার সুবিধার্থে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন করার বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনাজনিত কারণে অপরাধীদের দণ্ডের যে বিধান আছে, তা অপ্রতুল বলে মনে হয়। যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে বাংলাদেশ দণ্ডবিধি সংশোধন করে অপরাধীদের দণ্ড বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।ফরিদুন্নাহার লাইলীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব জেলার আদালতের কার্যক্রম ডিজিটালাইজড করার জন্য সব চিফ মেট্রোপলিটন আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট দপ্তরে কম্পিউটার সরবরাহ করা হয়েছে।ওএসডি ২৭৬ জন: সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে সচিব থেকে উপসচিব পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) সংখ্যা ২৭৬ জন। এর মধ্যে সচিব পর্যায়ে ছয়জন, অতিরিক্ত সচিব পর্যায়ে ৩০, যুগ্ম সচিব পর্যায়ে ১৬২ এবং উপসচিব পর্যায়ে ৭৮ জন কর্মকর্তা রয়েছেন।সতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। জনস্বার্থ, প্রশাসনিক প্রয়োজন, উচ্চতর পদোন্নতি এবং মামলাসংক্রান্ত কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।