বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে দাবি আদায়ে আগামী ২৯ এপ্রিল ডিআরইউর সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কর্মসূচি দেওয়া হয়েছে।সাগর-রুনি দম্পতির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার ডিআরইউর সামনে সাংবাদিক সমাবেশে সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী এ ঘোষণা দেন। ডিআরইউ এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে সাগরের মা সালেহা মনির বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই, ৪৮ ঘণ্টা হতে কত দিন লাগে?’সাগর-রুনি হত্যাকাণ্ডের পর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের ধরা হবে।সালেহা মনির বলেন, ‘আমি জানি, খুনিরা শনাক্ত হয়ে গেছে। এখন টালবাহানা করা হচ্ছে।’ খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। সমাবেশে সাংসদ ও সাংবাদিক বেবী মওদুদ বলেন, ‘আমরা এই মামলার তদন্ত শেষে বিচারের শুরু দেখতে চাই।’ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘আমি বলতে চাই, হত্যাকারীরা চিহ্নিত হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।’সমাবেশে বিভিন্ন সাংবাদিক নেতারা বক্তৃতা করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহরুন রুনি।