বিচার নিয়ে সংশয় সেক্টর কমান্ডারস ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। তাঁরা বলেছেন, বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সরকার এখনো একটি শক্তিশালী ট্রাইব্যুনাল গঠন করতে পারেনি। ট্রাইব্যুনাল, প্রসিকিউশন— সবক্ষেত্রে ধীরগতি। এটা তাঁদের মনে সংশয়ের সৃষ্টি করছে। নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।ফোরামের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী ও ফোরামের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক, ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল আলম চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ। এ কে খন্দকার বলেন, দেড় বছরের বেশি সময় হলো ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন হয়েছে, কিন্তু বিচারকাজ এগোচ্ছে ধীরে ধীরে। তিনি বলেন, দ্রুত বিচার চললেও আগামী দুই বছরের মধ্যে সব ‘যুদ্ধাপরাধীর’ বিচার সম্ভব হবে না। কে এম সফিউল্লাহ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে মহাজোট ক্ষমতায় এসেছিল। কিন্তু এই আড়াই বছরে একটি মামলাও সামনে আসেনি। মহাজোট সরকার একটি শক্তিশালী ট্রাইব্যুনাল করতে পারেনি। আমরা কার কাছে যাব?’ পুনরায় দালাল আইন প্রবর্তনের দাবি জানিয়ে কে এম সফিউল্লাহ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর প্রবর্তিত দালাল আইন বাতিল করে জিয়াউর রহমান যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ৭০০ জনসহ কারাগারে থাকা সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীকে মুক্তি দিয়েছিলেন। এখন নতুন করে এই আইন পুনরুজ্জীবিত করে যারা সাজাপ্রাপ্ত ছিল, তাদের ধরুন। অভিযুক্ত ব্যক্তিদেরও ওই আইনের আওতায় বিচার করুন।’হারুন অর রশীদ বলেন, ‘আমরা ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দলের ওপর আস্থা হারিয়ে ফেলেছি। এই ট্রাইব্যুনাল দিয়ে বিচারকাজ হবে না।’ ম হামিদ বলেন, অনেক জায়গায় সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। ওই সব সাক্ষীকে মানসিক শক্তি দিতে হবে সরকারকে।‘যুদ্ধাপরাধীরা’ দেশে-বিদেশে বিচারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছে—অভিযোগ করে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, যদি বিচার না হয়, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না। বেদারুল আলম চৌধুরীর পরিচালনায় এতে সাবেক সাংসদ কফিল উদ্দিন ও বিভিন্ন জেলা প্রতিনিধি বক্তব্য দেন।