বিচার পুনরায় শুরু করার দাবি মওদুদের
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলার কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তাঁর বিরুদ্ধে অনৈতিক ও বেআইনি কাজের অভিযোগগুলো সত্য। আজ বুধবার দুপুরে আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘অভিযোগে আমরা দেখেছি, যাঁরা ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য নন, ট্রাইব্যুনালে সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা নেই, তাঁরা রায়ের কাঠামো তৈরি করে দিচ্ছেন। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, তবে এটা যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয়—আমরা সেই দাবি করছি। স্কাইপে কেলেঙ্কারিতে যা বেরিয়েছে, তাতে এই মামলার কার্যক্রম তামাদি হয়ে গেছে। এখন বিচার করলে শুরু থেকে করতে হবে। বিচার অব্যাহত থাকলে তা হবে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক।’ তিনি বলেন, ‘পদত্যাগই যথেষ্ট নয়। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাচ্ছি।’বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, এখন নতুন করে বিচার শুরু করতে হবে। শুধু বিচারক বদল হলে বিচার স্বচ্ছ হবে না। ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি আবদুর রাজ্জাক বলেন, ‘ট্রাইব্যুনালে যে জালিয়াতি হয়েছে, তা দুনিয়ার ইতিহাসে বিরল। এটার একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।’ এ ঘটনায় তিনি আন্তর্জাতিক বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান। আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বক্তব্য দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী শাহ খসরুজ্জামান, গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।