বিচার পেতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিচার পেতে এ দেশের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিচার বিভাগের কেন্দ্রীকতার জন্য মামলায় জট লেগে আছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও প্রাদেশিক পদ্ধতি চালু না করলে এ দেশের মানুষের দুর্ভোগ কমবে না। দেশের সব বিভাগে হাইকোর্টের পৃথক বেঞ্চ স্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।আজ শনিবার চট্টগ্রামের একটি হোটেলে ফোরাম ফর পিপলস ভয়েস (এফপিভি) আয়োজিত ‘বিচারালয় ও বিচার ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।এরশাদ নিজের দুর্ভোগ তুলে ধরে সরকারের উদ্দেশে বলেন, ‘আমি একটি খুনের মামলায় ১৫ বছর ধরে কোর্টে হাজিরা দিচ্ছি। আমার জীবদ্দশায় এ মামলা শেষ হবে কি না, আমি জানি না। সেখানে সাধারণ জনগণের দুর্ভোগের কথা বলাই বাহুল্য। উপজেলা কোর্ট চালু করলে সাধারণ মানুষের উপকার হবে। এতে জনজট, যানজট ও মামলাজট—তিনটিই কমবে।’স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে এরশাদ বলেন, বর্তমানে উপজেলা চেয়ারম্যানদের কোনো কাজ নেই। ক্ষমতাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান, সাংসদ ও ইউএনওদের দ্বন্দ্ব লেগেই আছে।এফপিভির সভাপতি মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক তোফায়েল আহমেদ। গোলটেবিল বৈঠক আরও বক্তব্য দেন ফেরামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রী আ স ম আবদুব রব, বিএনপির নেতা মীর মোহম্মদ নাছির উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী, আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না প্রমুখ।আ স ম আবদুর রব বলেন, বর্তমান বিচারব্যবস্থায় সমাজের উচ্চবিত্ত ও প্রভাবশালীরাই লাভবান হচ্ছে। এ জন্য বিচারব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা প্রয়োজন।আমিরুল কবির চৌধুরী বলেন, ‘ভারতের বিভিন্ন প্রদেশে সার্কিট বেঞ্চ চালু আছে। সার্কিট বেঞ্চ চালু করতে বাংলাদেশের সংবিধানেও কোনো বাধা নেই। উপজেলা পর্যায়ে সার্কিট বেঞ্চ খোলা হোক।’মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন ঘটেছে, তা দূর না করলে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ কোনোভাবেই সফল হবে না।মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, সংবিধান সংশোধন করে সব বিভাগে ছয়টি স্থায়ী হাইকোর্টের বেঞ্চ চালু করতে হবে।