বিচার-প্রক্রিয়া নিয়ে যত সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আদালতপাড়ার মামলার চালচিত্র বিচার করলে বোঝা যাবে, মাদকসংক্রান্ত মামলার সংখ্যা কমেনি। মাদকের খুবই ছোট্ট অংশ বিচারের আওতায় আসে, ৯০ শতাংশই থাকে ধরাছোঁয়ার বাইরে। বিচারের ক্ষেত্রে অনেক সময় আদালতের মালখানার সঙ্গে মামলার আলামতের মিল থাকে না। উদ্ধারকৃত যে বোতল প্রদর্শনী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায়, তার আলামত অক্ষত নেই। হয়তো উদ্ধার হয়েছে তরলবোঝাই ফেনসিডিলের বোতল, কিন্তু প্রদর্শিত হচ্ছে ফাঁকা বোতল! এই বোতল ফাঁকা হয় কীভাবে? নিশ্চয়ই আলামতখানায় ভূত-প্রেত থাকে না। তবু গায়েব! আদালতে প্রায়ই সাক্ষীরা বলে থাকেন, ‘স্যার, আমরা ফেনসিডিল উদ্ধার করেছি ২০০ বোতল, কিন্তু কাগজে লেখা দেখছি ১৫-২০ বোতল। গাঁজা উদ্ধার হয়েছে ১০ কেজি, জব্দ তালিকায় এক কেজি!’ এ বিষয়গুলো রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করতে গিয়ে প্রায়ই মোকাবিলা করতে হয়। অভিযোগ আছে, একই আলামত একাধিকবার বিভিন্ন মামলায় অনৈতিকভাবে উপস্থাপন করা হয়। এটি মূলত মালখানার মাল খোয়া ও অব্যবস্থাপনার কারণেই হয়।আমাদের আদালতপাড়ায় বিপুল পরিমাণ উদ্ধারকৃত মাদকের মামলাও আইনগত কিছু সীমাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে। এ সুযোগে অপরাধীরা পার পেয়ে পাচ্ছে। বিপুল পরিমাণ গাঁজা বিজিবি উদ্ধার করে বিশেষ ক্ষমতা আইনে বিচারের জন্য প্রার্থনা করলেও বিচারকালে এগুলো যে ভারতীয়, তা প্রমাণ করা সম্ভব হয় না। কারণ, অন্য পণ্যের মতো গাঁজার গায়ে এটি যে ভারতীয়, তা লেখা থাকে না। যখন ভারতীয় বা বিদেশি প্রমাণ করা যায় না, তখন আদালতের বাদী-রাষ্ট্রের অনুকূলে সাড়া দেওয়া সম্ভব হয় না। চোরাচালান মামলায় নিষিদ্ধজাতীয় দ্রব্য ছাড়াও মালের দখল ও অবস্থান বিচার গুরুত্বপূর্ণ। আগে জব্দ তালিকার সাক্ষীদের সামান্য হেরফের আসামি খালাসের কারণ হলেও সম্প্রতি উচ্চ আদালত জব্দ তালিকার সাক্ষীদের রাষ্ট্রের প্রতি বৈরী অবস্থানের পরও অপরাধীকে সাজার সুযোগ করে দিয়েছেন (ঢাকা ল রিপোর্ট-ডিএলআর ৫১)। যদিও আইনের উদ্দেশ্য নয়, জোর করে কাউকে সাজা দেওয়া। আইনে একজন আসামি যতটুকু সুবিধা প্রাপ্য, তাঁকে ততটুকু দেওয়া; প্রথাগতভাবে বিরোধিতা নয়। রাষ্ট্রের উচিত, কার্যকর পূর্ণাঙ্গ বিচার প্রতিষ্ঠা করা।আইনের যথার্থ প্রয়োগ প্রয়োজন। সে ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব: চোরাচালানের মাধ্যমে যে মাদক এ দেশে আসে, সেই মামলাগুলো বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নেওয়া। কেননা, আদালতে উদ্ধারকৃত আলামত (মাদকদ্রব্য) বিদেশি, তা অনেক সময় প্রমাণ করা যায় না। তবে উদ্ধারকৃত পণ্যটি যে মাদক, তা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ ক্ষেত্রে মাদক অপরাধ নিয়ন্ত্রণের জন্য অনেক কার্যকর। বিশেষ ক্ষমতা আইনের মামলা রাষ্ট্রকে প্রমাণ করতে হয়। কিন্তু ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একজন আসামি নিজেকে নির্দোষ প্রমাণের ভার তাঁকেই বহন করতে হয় (১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩০)। অন্যান্য মামলায় আসামিকে শুরু থেকে নির্দোষ ভাবলেও মাদকের মামলায় সে রকম সুযোগ নেই।মাদকের মামলার বিশৃঙ্খলা দূর করার জন্য যেসব আলামত উদ্ধার করা হবে, তার থেকে দু-একটি রাসায়নিক পরীক্ষা ও আদালতে প্রদর্শনীর জন্য রেখে অবশিষ্টাংশ আদালতের অনুমতি নিয়ে ধ্বংস করার বিধান করা। কারণ, বর্তমান আইন আংশিক উপস্থাপনকে অনুপস্থাপন হিসেবেই বিবেচনা করে। মালখানার আলামত ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও মাদকের মামলা দ্রুত বিচার আদালতের মামলার মতো তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করা, সাক্ষীর নিরাপত্তাসহ যাতায়াত ও খাবারের জন্য বাজারমূল্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দেওয়া এবং মামলার সাক্ষীর ব্যয় নির্বাহের জন্য পৃথক তহবিল গড়ে তোলা।সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশের আওতায়, কিছু কিছু অপরাধের তাৎক্ষণিক বিচারের পাশাপাশি মাদক উদ্ধার করা মামলায়ও সাজা দিতে দেখা যাচ্ছে। কিন্তু আইনানুগ পদ্ধতি অনুসরণ না করায় উচ্চ আদালতে আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। ফলে বাদী-রাষ্ট্রের লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। কারণ, যার কাছ থেকে মদ বা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা বিশেষ ক্ষমতা আইনের সুনির্দিষ্ট অপরাধ করেছে; যে অপরাধের সাজার পরিমাণও বেশি এবং ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারবহির্ভূত। স্বাভাবিকভাবে এখতিয়ারবহির্ভূত বিচারে সামাজিক উপকার যতই সাধিত হোক, তা আইনে সমর্থনীয় নয়। যার ১০ বছরের জেল হবে, তাকে এক বা দুই মাস জেল দিয়ে বাহবা পাওয়া যেতে পারে; কিন্তু সেটি প্রকৃত বিচার নয়। এটিও বিচার নয় যে তাৎক্ষণিক ছোট সাজার নামে বড় সাজা থেকে অপরাধীকে পরিত্রাণ দেওয়া। বিদ্যমান ভ্রাম্যমাণ আদালত যাঁরা পরিচালনা করছেন, তাঁরা বিষয়টি একটু সতর্কভাবে প্রয়োগ করলে রাষ্ট্র লাভবান হবে।এ মুহূর্তে আরেকটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। তা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় যে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের মামলা আছে, যেসব মামলায় বিডিআর বিদ্রোহে আটক জওয়ানেরা সাক্ষী আছেন; যারা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন জেলা কারাগারে আটক আছে, তাদের আদালতে আনা-নেওয়া একটি বড় সমস্যা। এবং দীর্ঘদিন থেকে কারাগারে রাষ্ট্রীয় আদেশে আটক থাকার কারণে রাষ্ট্রের বিরুদ্ধে তাদের অনেকটা নেতিবাচক মনোভাব গড়ে উঠেছে। বিডিআর সাক্ষীদের নেতিবাচক মনোভাবের কথা বিবেচনায় নিতে হবে। নতুবা রাষ্ট্রের বিপুলসংখ্যক অপরাধী লাভবান হবে, যা হবে রাষ্ট্র ও সমাজের জন্য ক্ষতিকারক।লেখক: আইনজীবী।