বিচার-প্রক্রিয়া সহজ করতে একটি প্রস্তাব
কালের বিবর্তনে বর্তমানে আদালত অঙ্গনে আইনজীবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক আইনজীবী তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগদান করছেন। সে কারণে বর্তমানে বিচারাঙ্গনে আইনজীবীর সংখ্যাগত কোনো অভাব নেই। কিন্তু বিচারকের যথেষ্ট অভাব রয়েছে। মানুষের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো ন্যায়বিচারও পরম আরাধ্য বিষয়। মানুষ দ্রুত ন্যায়বিচার চায়। ন্যায়বিচার ব্যতীত মানুষের বেঁচে থাকা কষ্ট হয়ে পড়ে। প্রতিটি কাজই ন্যায়বিচার দাবি করে। ন্যায়বিচারভিত্তিক সমাজে মানুষের মধ্যে হতাশা কম থাকে। ছোট ছোট অন্যায়-অবিচারের পরিপ্রেক্ষিতে অন্যায়ের কর্দমাক্ত স্রোত বয়ে যায়। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত অঙ্গনের মূল্যবান সময়ের অপচয় রোধ করার উপায় বের করতে হবে। শুধু সময় আবেদনে আদালতের নথি ভারী করলে বাদী-বিবাদী কারও লাভ হয় না। সাধারণত দেখা যায়, ক্ষতিগ্রস্ত পক্ষ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। বিবাদীপক্ষ মামলার সমন পেয়ে জবাব দিতে অনেক সময় নষ্ট করে। অনেক সময় বিবাদীর সৎ ইচ্ছা থাকলেও জবাব দিতে পারে না, সে জন্য মামলায় একের পর এক সময়ের দরখাস্ত দিতে থাকে। দেখা যায়, যে দলিলাদির ওপর নির্ভর করে বিবাদীকে জবাব দিতে হবে, সেই দলিলাদি বিবাদীর সংগ্রহে নেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে দলিলের সহিমোহর নকল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। অথচ প্রতিটি পরিবারে যেসব আবশ্যকীয় দলিলপত্র সংগ্রহে রাখতে হবে, সে ব্যাপারে তাদের অবহিত করতে পারলে যেকোনো আইনগত ঝামেলা তারা স্বল্প সময়ে মোকাবিলা করতে পারত। বর্তমানে তথ্য অধিকার আইন আছে বটে। কিন্তু ব্যক্তিগত, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আমরা সুশৃঙ্খলভাবে তথ্য সমাবেশ না করি, তাহলে প্রয়োজনীয় তথ্য প্রয়োজনের সময় পাওয়ার আশা করতে পারি না। এ ব্যাপারে জনগণ ও সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কি না, দেখার বিষয়।আইন পেশা একদিকে স্বাধীন, অন্যদিকে অনিশ্চয়তায় ভরা একটি মহান পেশা। একজন আইনজীবীকে মক্কেলের আস্থা অর্জন করতে এবং প্রতিষ্ঠা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ অপেক্ষাকালে নবীন আইনজীবীরা জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে কাজ করে দক্ষতা অর্জন করেন। দেওয়ানি আদালতে বাদীর আরজি এবং বিবাদীর বর্ণনার বিষয়ে জবানবন্দি, জবাব এবং জেরা লিখতে বছরের পর বছর আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একটি মামলার সাক্ষ্য লেখা শেষ হতে ১৫ বছরের ওপরে সময় লেগেছে—এ রকম মামলাও আছে। অথচ জটিল মামলা ব্যতীত অধিকাংশ মামলায় অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করে আদালতে প্রতিবেদন জমা দিলে আদালতের মূল্যবান সময় সাশ্রয় হতো। সাশ্রয় হওয়া সময়ে আদালত মামলার বিভিন্ন দরখাস্ত নিষ্পত্তির আদেশ এবং রায় লেখার জন্য যথেষ্ট সময় পেতেন।দেওয়ানি আদালতে যে জায়গা নিয়ে মামলাগুলো দায়ের হচ্ছে, বাদীর আইনজীবী যিনি আরজি লেখেন, তিনি সাধারণত নালিশি জায়গা সরেজমিনে দেখতে যান না, অনেকে জায়গার অবস্থানও দেখেন না। বিবাদীপক্ষে যিনি জবাব লেখেন, তিনিও সরেজমিনে নালিশি জায়গা দেখতে গিয়েছেন এমন ঘটনা বিরল। আর বিচারকের পক্ষে দেখার সুযোগই নেই। ফলে দেখা যায় আরজি, জবাব, দলিলপত্র এবং সাক্ষ্যের ওপর নির্ভর করে যে রায় প্রচারিত হয়েছে, তাতে বিভিন্ন জরিপের দাগের করেসপনডিং দাগসমূহ (শামিল দাগ) ভুল, বাস্তব দখলকার ভিন্ন ব্যক্তি, খতিয়ান যার নামে হয়েছে, বাদীরা তাদের ওয়ারিশ নয় এবং বাদীর দখলে নেই। এসব পরস্পরবিরোধী তথ্যের মোকাবিলা করার জন্য এবং আদালতের সামনে প্রকৃত ও স্বচ্ছ তথ্য উপস্থাপিত হওয়ার জন্য মামলা দায়েরের পর বাদীর খরচে একজন অ্যাডভোকেট কমিশনার কর্তৃক নালিশি জায়গার সরেজমিনে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিবাদীর প্রতি সমন ইস্যু হবে। ওই তদন্ত প্রতিবেদনে ভুল থাকার বিষয়ে বিবাদী আপত্তি জানালে বিবাদীর খরচে পুনরায় ভিন্ন আরেকজন অ্যাডভোকেট কমিশনার দিয়ে সরেজমিনে তদন্তক্রমে আদালতে প্রতিবেদন জমা হবে। উভয় প্রতিবেদনের ওপর অ্যাডভোকেট কমিশনারদের সাক্ষ্য গৃহীত হয়ে আদালতের আদেশ চূড়ান্ত হবে।মামলা দাখিলের পরবর্তী সময় বাদীর আরজির সমর্থনে এবং বিবাদীর জবাবের সমর্থনে দাখিলকৃত দলিলাদি পর্যালোচনাক্রমে আদালতকে সহায়তার জন্য নিয়োগপ্রাপ্ত আইনজীবী মামলার আসল বিরোধ কোন বিষয়ে, সে ব্যাপারে লিখিতভাবে সিদ্ধান্ত আদালতকে জানাতে পারেন।আবার অনেক আইন আছে, যাদের জন্য আইন, তারা নিজেরাও জানে না তাদের জন্য কী আইন আছে। আইন শুধুু আইনজীবী জানলে হবে না, যাদের কল্যাণের জন্য আইন প্রণয়ন করা হয়েছে, তাদের জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। এ কাজটি নবীন আইনজীবীদের দিয়ে করানো যায়। মানুষ আইন জানবে, আইন মানবে, তবেই বিনির্মিত হবে আইনানুগ সমাজ।লেখক: আইনজীবী, চট্টগ্রাম জেলা বার।