বিচার বাধাগ্রস্ত করতেই সেফ হোম নিয়ে বিতর্ক ছড়াচ্ছে বিএনপি: প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই বিএনপি ‘সেফ হোম’ নিয়ে বিতর্ক ছড়াচ্ছে। সম্পূর্ণ মানবিক আচরণ বজায় রেখেই সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘মুজিবনগর সরকার ও স্বাধীনতা সংগ্রাম: সমকালীন প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা মেনেই আইনজীবী ও চিকিত্সকদের উপস্থিতিতে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি যুদ্ধাপরাধী ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষাবলম্বনকারীদের বিশ্ব বেহায়া হিসেবে অভিহিত করেন।আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশেষ কারও মামলা নয় বরং সব মামলারই আমরা দ্রুত নিষ্পত্তি করতে চাই। “তারেক-কোকো ভালো মানুষ হলে কেন আদালতে আসে না”—এই প্রশ্ন উত্থাপন করে কামরুল ইসলাম বলেন, সাহস থাকলে তাঁদের আদালতে এসে মামলা মোকাবিলা করা উচিত।’ ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলা মামলায় অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং হাওয়া ভবনে বসে যারা ষড়যন্ত্র করেছে তাদেরও বিচার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আজম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাসস।