মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের সমর্থন করে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সে কারণে তাদেরও বিচার হতে পারে। কারণ, যুদ্ধা-পরাধীদের সমর্থন করাও একই রকম অপরাধ। পৃথিবীর অন্য কোনো দেশে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ রকম বক্তব্য দিলে কিংবা যুদ্ধাপরাধীদের প্রতি কেউ সমর্থন জানালে তাঁকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হতো। কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থায় বিষয়টি এভাবে হয়তো কেউ ভাবছে না। তবে বিএনপির বক্তব্যে এটি স্পষ্ট যে তারা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ওই বক্তব্য দিয়েছে।এখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তার আইনি ও কাঠামোগত বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এখন পর্যন্ত যা যা করা হয়েছে, তার সবই সঠিকভাবে করা হয়েছে।বিএনপি যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূতের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তো এসব বিষয়ে কথা বলারই অধিকার নেই। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নয় তারা। তাদের বক্তব্য আমাদের বিবেচনায় নিতে হবে কেন। কেউ কিছু বললেই আমাদের তা করতে হবে কেন। আমাদের আইন আছে, বিধান আছে। সেগুলো বিবেচনায় নিতে হবে। যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে অন্য কে কী বলল, তা মূল বিবেচনার বিষয় কখনোই হতে পারে না। বিএনপি জামায়াতের সমর্থক। জামায়াতকে বাঁচানোর জন্য তারা এমন বক্তব্য দিয়েছে। এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ রকম বক্তব্য আমলে না নিয়ে বিচার-প্রক্রিয়া দ্রুততর করতে হবে।মুনতাসীর মামুন: অধ্যাপক ও ইতিহাসবিদ