বিচার বিভাগ ও বিচারকদের পূর্ণ স্বাধীনতা আছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপে স্বাধীন বিচারব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন এবং বিচারকেরা স্বাধীনভাবে তাঁদের বিচারকাজ সম্পন্ন করে থাকেন। সরকার স্বাধীন বিচারব্যবস্থা রক্ষায় সব সময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।আইনমন্ত্রী আজ মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফজিলাতুন নেসা বাপ্পি, কামাল আহমেদ মজুমদার ও অপু উকিলের বিচারব্যবস্থা-সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন।নারী ও দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে ২০০০ সাল থেকে দেশের সব জেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এর জন্য প্রতিটি জেলা জজ আদালতে প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে।মামলা নিষ্পত্তি-সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়ানোর লক্ষ্যে বিচারিক অবকাঠামো নির্মাণের জন্য ৬৪টি জেলায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওই প্রকল্পে ৩৪টি জেলায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণ এবং ৩০টি জেলায় জমি অধিগ্রহণের কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।