বিচার বিভাগ ঘুমন্ত: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘দেশে শুধু আইন থাকলেই হবে না। আইনের শাসনের বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের ঘুমন্ত বিচারকদেরও জেগে উঠতে হবে। আমাদের সমগ্র বিচার বিভাগ ঘুমন্ত। তাঁদের জাগ্রত করতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় বৈষম্যের অবসান হবে না।’আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তিনটি সংগঠন বাংলাদেশ দলিত পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন ও ফেয়ার আয়োজিত জাতীয় সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন।আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০১১ উপলক্ষে ‘প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধ আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে মিজানুর রহমান দলিত ও প্রান্তিক সম্প্রদায়ের কয়েকজনের কাছে জানতে চান, তাঁদের আদমশুমারির গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না। এ সময় সাঁওতাল সম্প্রদায়ের একজন বলেন, তাঁদের সাঁওতাল সম্প্রদায় হিসেবে গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁরা ১৮৫ জন সাঁওতাল রয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র ১০ জনকে গণনা করা হয়েছে। যৌনকর্মীদের একজন জানান, তাঁদের আদৌ গণনায় অন্তর্ভুক্ত করা হয় না। হিজড়া সম্প্রদায়ের একজন বলেন, তাঁদের নারী হিসেবে গণনা করা হয়েছে, কিন্তু হিজড়া হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।প্রান্তিক জনগোষ্ঠীর এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান বলেন, ‘গত ৪০ বছর ধরে রাষ্ট্র এভাবেই জনগণের সঙ্গে প্রতারণা করছে। কোথায় আমার মর্যাদা, যদি আমি গণনায়ই না থাকি! এখন বলব এখানেও প্রতারণা করা হচ্ছে। যখনই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি, তখনই তো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হলো। এখানেই তো বৈষম্য। এখানেই রাষ্ট্রকে দরিদ্র বান্ধব হওয়ার কথা।’মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দরিদ্রবান্ধব। কিন্তু তাঁর আশপাশের আমলাতন্ত্র প্রধানমন্ত্রীকে তাঁর কাজে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রীর আশপাশের লোকজন দরিদ্রবান্ধব নন।মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মহুয়া লেয়া ফলিয়ারের সঞ্চালনায় এই সেমিনারে আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, আমেনা মহসিন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন প্রমুখ বক্তব্য দেন।