বিচার বিভাগ দায়িত্ব পালন করতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে বিচার বিভাগ সংবিধান অনুসারে দায়িত্ব পালন করতে পারছেন না বলে মনে করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এসব কথা বলেন।আইনজীবী সমিতির সভাপতি বলেন, এটি স্বাধীন বিচারব্যবস্থার জন্য অন্তরায় ও দুঃখজনক। এ অবস্থা থেকে যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, এ জন্য তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। জয়নুল আবেদীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, সাংসদ ও শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগ পৃথককরণের পর সাধারণ মানুষ আশা করেছিল বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারবেন। দেশের সর্বোচ্চ আদালত সংবিধান অনুসারে বিচারকাজ পরিচালনা করবে। সব ক্ষেত্রে সুবিচার পাবে মানুষ। তবে সম্প্রতি সরকারের হস্তক্ষেপের কারণে দেশের নিম্ন আদালতে, এমনকি সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে। যা দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। গাড়ি পোড়ানোর মামলায় গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে পাঠানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিচারক দুই লাইনের এক আদেশে গতকাল শীর্ষস্থানীয় নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে তড়িঘড়ি করে এজলাস কক্ষ ত্যাগ করেন। এ আদেশের মধ্য দিয়ে আদালত সরকারের হস্তক্ষেপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে মন্তব্য করেন জয়নুল। সম্মেলনে জয়নুল আবেদীন অভিযোগ করেন, গতকাল আইনজীবীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা অতীতের সব রেকর্ড ভেঙেছে। গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান, রুহুল কুদ্দুস, কায়সার কামাল, জামিল আক্তার এলাহী, নাসিরউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।সম্মেলনের পর বিএনপির আইনজীবীরা হরতালের সমর্থনে সমিতি ভবন থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে যান। পুলিশের বাধার মুখে সেখানে কয়েকে মিনিট অবস্থান শেষে মিছিলটি সমিতি ভবনের ফিরে আসে। মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অংশ নেন।