বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মো. জমির বলেছেন, বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত। কারণ, বিচার-প্রক্রিয়া কীভাবে চলছে, সাধারণ মানুষের তা জানার অধিকার রয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার টিআইবি আয়োজিত ‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন: প্রায়োগিক নির্দেশনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন। মো. জমির বলেন, বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়গুলোতে ক্যামেরা বসানো উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, এতে করে স্বচ্ছতা আসবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, দেশের পত্রপত্রিকায় প্রকাশিত মোট প্রতিবেদনের মাত্র দশমিক চার শতাংশ হয় তথ্য অধিকার আইন নিয়ে। ইলেকট্রনিক মাধ্যমের স্ক্রলে এই আইন সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়। জনসচেতনতা সৃষ্টিতে সংবাদমাধ্যমগুলোর স্বতঃপ্রণোদিতভাবেই এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাবেক বিচারক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ প্রমুখ।