বিচার বিভাগকে যুক্ত না করার পক্ষে রফিকের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্গঠন করতে হবে। এ প্রক্রিয়ার সঙ্গে বিচার বিভাগ যেন যুক্ত না থাকে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের যেন যুক্ত করা না হয়।আজ বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে প্রবীণ আইনজীবী রফিক-উল হক এ মত দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আজ ষষ্ঠ দিনের মতো এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নিয়ে রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হলে অন্য পদ্ধতিতে রাখতে হবে। বিচার বিভাগকে এর সঙ্গে কোনোভাবেই যুক্ত করা উচিত নয়। আইনজীবী রফিক ১/১১-এর প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই করে ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা’র ধারণাটি ধ্বংস হয়ে গেল। তিনি বিচারপতিরা যেন এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হন সেই সুপারিশ করেন। এ পর্যায়ে আদালত বলেন, ‘এটা আমাদের জন্য বিব্রতকর। বিভিন্ন দেশে দেখা যায়, নির্বাচন কমিশনের নিরঙ্কুশ ক্ষমতা আছে।’ রফিক-উল হক বলেন, ‘বিচারপতিদের বাদ নিয়ে এ ব্যবস্থা পুনর্গঠন করা যেতে পারে। আমরা গোঁজামিল দিয়ে চলতে চাচ্ছি। এভাবে দেশ চলতে পারে না। দীর্ঘস্থায়ী কিছু হওয়া দরকার। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন কমিশন বদলিসহ সবকিছু করতে পারে।’ তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের ব্যবস্থা করার সুপারিশ করেন। তিনি সারা দেশে একদিনে নির্বাচন না করার পক্ষেও যুক্তি তুলে ধরেন।প্রসঙ্গত, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি বর্তমানে মো. আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্য তালিকায় আসে। ১ মার্চ আপিল বিভাগে শুনানি হয়। শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন।