বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।আজ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা ও তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।প্রসঙ্গত, এ ঘটনায় ২০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। ছয় ছাত্রের জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া নিহত ছাত্রদের পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়।মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব আইনজীবী তাজুল ইসলাম ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই দিনই রিট আবেদনটি করেন। ১৭ জুলাই গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। এঁরা হলেন—শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত ও মনিব সেতাব। নিহতদের তিনজন মিরপুর বাঙলা কলেজের ছাত্র, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপললিফের ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহত হন আল-আমিন।