বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের ঘটনার সূত্র ধরে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে পরস্পর দোষারোপ সম্পর্কে তদন্ত ও সত্য উদঘাটনে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দেশের অর্থ ও ব্যাংকিং পদ্ধতি সংস্কারের নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে। সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এই নির্দেশনা চেয়ে গতকাল সোমবার রিট আবেদনটি করেন। তাঁরা হলেন: কে এম জাবির, মো. আওলাদ হোসেন ও মাহমুদ হোসেন। আবেদনটি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে আজ মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে।আবেদনকারীদের আইনজীবী বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল রিট আবেদনটি করা হয়। এটি আজকের কার্যতালিকায় ৩৭৫ নম্বরে রয়েছে। অবকাশ শেষে (৩০ সেপ্টেম্বর) এই আবেদনের ওপর শুনানি হবে।বেলাল হোসেন বলেন, ঋণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক বলছে, দুই-তিন বছর ধরে এটা চলে আসছে। সোনালী ব্যাংক বলছে, তারা দায়ী নয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তাঁদের দায় অস্বীকার করছেন। এই যে একে-অন্যকে দোষারোপ বা ঘটনা এড়িয়ে যাওয়ার বিষয়, এটি তদন্তের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।রিট আবেদনে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি প্রতিবেদন অর্থমন্ত্রীকে পাঠিয়েছেন। এতে হলমার্ককে সোনালী ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম নিয়ে বলা হয়েছে। প্রতিবেদনে ঘটনাকে ‘মারাত্মক’ বলে উল্লেখ করা হয়েছে। ওই কেলেঙ্কারির ৩৫ দশমিক ৪৭ বিলিয়ন টাকার মধ্যে ২৭ বিলিয়নের সুবিধাভোগী হিসেবে হলমার্কের নাম এসেছে। রিট আবেদনে নির্দেশনার পাশাপাশি রুল জারিরও আরজি জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তদারকিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণে আমানতকারীদের তহবিল ও জনগণের অর্থ ঝুঁকিতে ফেলে দেওয়া, ব্যাংক সম্পর্কে জনগণের আস্থায় চিড় ধরানো সংবিধান ও সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন বলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে।