বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে সনাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু, টেকনাফ, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দির এবং বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত বর্বরোচিত হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত সারা দেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটির জেন্ডারবিষয়ক উপকমিটির সভায় রামুর ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বলা হয়, ‘ধর্মীয় স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের এ-জাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতি-নির্বিশেষে সকল নাগরিকের সম-অধিকারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে এ-জাতীয় উগ্র গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সনাকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও সর্বোপরি আমাদের স্বাধীন জাতিসত্তার মূল ভিত্তির ওপর এটি অগ্রহণযোগ্য ও অমার্জনীয় আঘাত।