বিচার বিভাগীয় তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে নাগরিক প্রতিনিধিদল। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ সাত দফা দাবি জানায় নাগরিক প্রতিনিধিদল।সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায় নাগরিক প্রতিনিধিদল।সংবাদ সম্মেলনে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রামুতে যে ঘটনা ঘটেছে, এতে দেশের ভাবমূর্তি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোষীদের খুঁজে বের করা সরকারের জন্য অগ্নিপরীক্ষা। সরকার যদি প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ব্যর্থ হয় বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে দ্বিতীয়বারের মতো ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হবে। রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের প্রতিনিধিদল ৬ ও ৭ অক্টোবর আক্রান্ত জনপদের মানুষের সঙ্গে কথা বলে এবং আগুনে পুড়ে যাওয়া বৌদ্ধবিহার পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সফরের অভিজ্ঞতা বর্ণনা করতেই আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, ঘটনার দিন রাত নয়টার দিকে আমি পুলিশ সুপারকে ফোন দিয়েছি। তিনি ঘটনাস্থলে গেছেন রাত পৌনে দুইটায়। হামলা শুরু হয় রাত ১২টায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আগেই সেখানে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন। কাজেই স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলা এখানে পরিষ্কার। যারা এ ঘটনা ঘটতে দিয়েছে, তাদেরও বিচার হওয়া দরকার।’লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এতে আমরা মর্মাহত ও লজ্জিত। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির তাণ্ডব দেখে আমরা শঙ্কিত। আমরা মনে করি, ঘটনার সুষ্ঠু বিচার না হলে এর চেয়েও ভয়ংকর ঘটনা ঘটবে।’ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সদিচ্ছার বহিঃপ্রকাশ লক্ষ করা যায়নি। উপরন্তু, প্রশাসনের হাতেই আবার পুনর্বাসনের কাজ চলছে। এমনকি প্রধানমন্ত্রীর জনসভায়ও অনেক হামলাকারীকে দেখা গেছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় এখনো ভয়ে ভয়ে দিনে কাটাচ্ছে। তাদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করছে। এ ঘটনায় সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। নাগরিক প্রতিনিধি দলের অন্য দাবিগুলো হচ্ছে—দলমত-নির্বিশেষে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা, দ্রুত বিচার আদালতে অপরাধীদের বিচার করা, নিরপরাধ মানুষকে অযথা গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করা, সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারীদের চিহ্নিত করা, পুড়ে যাওয়া নমুনাগুলো নিয়ে জাদুঘর বা সংগ্রহশালা বানানো, যাতে ভবিষ্যত্ প্রজন্ম সাম্প্রদায়িকতার ভয়াবহ রূপ দেখে তা থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করতে পারে।