বিচার বিভাগীয় তদন্তের দাবি সিপিএম বিধায়কের ছেলের
কলকাতার বিধায়ক হোস্টেলের চারতলার ছাদ থেকে গত রোববার বিকেলে সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাশেমের লাফ দিয়ে আত্মহত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মোস্তফা বিন কাশেমের ছেলে।আজ বুধবার ওই বিধায়কের ছেলে মাসুম বিন কাশেম এই দাবি করে বলেছেন, তাঁর বাবা আত্মহত্যা করতে পারেন না। তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।মাসুম বিন কাশেম জানান, তাঁর বাবার মৃত্যুর পর যে সুইসাইড নোট পাওয়া গেছে, সেটি প্রকৃতপক্ষে তাঁর বাবার হাতের লেখা নয়। ওই হাতের লেখাটিরও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।মাসুম বিন কাশেম আরও জানান, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। তাঁর বাবার এক পায়ে অসুবিধা থাকায় তিনি সাধারণত কারও সাহায্য নিয়ে চলাচল করতেন। ঘটনার দিন কীভাবে তিনি বিধায়ক হোস্টেলের ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন? এসব দাবি নিয়ে তিনি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।মোস্তফা বিন কাশেম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট (উত্তর) আসনের বিধায়ক ছিলেন।