মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে লালবাগ অঞ্চলের সাবেক সহকারী কমিশনার রাজীব আল মাসুদ ও কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার দুপুরে মামলার শুনানি শেষে মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিএনপিপন্থী আইনজীবী হোসেন আলী খান হাসান বাদী হয়ে আজ সকালে এ মামলা করেন।মামলার অন্য আসামিরা হলেন লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মারুফ হোসেন, সাবেক উপকমিশনার খোরশেদ আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম ও উপপরিদর্শক (এসআই) মো. আজাদ।মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ মে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনজীবী হোসেন আলী খান হাসান ওই জামিন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার পর আসামি ওই পুলিশ কর্মকর্তারা পরিকল্পিতভাবে তাঁকে মারধর ও লাঠিপেটা শুরু করেন। ওসি সালাউদ্দিনের নির্দেশে অন্য পুলিশ সদস্যরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় অন্যান্য আইনজীবী তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সা শেষে আদালতের কাছ থেকে ন্যায়বিচার চেয়ে তিনি এ মামলা করেন।