বিচার বিভাগের অধীনে পুলিশ বাহিনী ও তদন্ত সেল গঠনের দাবি
বিচার বিভাগের অধীনে আলাদা পুলিশ বাহিনী ও তদন্ত সেল গঠনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ১৮ নভেম্বর প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমিতি।সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা।লিখিত বক্তব্যে বদরুদ্দোজা বলেন, ককটেল নিক্ষেপের ঘটনা পুরো বিচার বিভাগ, বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীর জন্য হুমকিস্বরূপ। বিচার বিভাগ পৃথক হলেও এ ধরনের ঘটনা ও বিচারাধীন ফৌজদারি মামলা দ্রুত তদন্তের স্বার্থে এবং দোষীদের বিচারের কাঠগড়ায় আনতে বিচার বিভাগের অধীনে আলাদা পুলিশ বাহিনী ও তদন্ত সেল গঠন এখন সময়ের দাবি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলের আগে এ নিয়ে সব মহলকে আগাম মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এম বদরুদ্দোজা আরও বলেন, দুজন বিচারপতির শপথ গ্রহণের প্রতিবাদে আইনজীবীরা যখন আন্দোলন করছেন, সে মুহূর্তে এই ককটেল নিক্ষেপ ঘটনার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।লিখিত বক্তব্যে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন ও বিশেষ নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক মোরশেদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।