বিচার বিভাগের আত্মশুদ্ধি যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩০ বছর ওকালতি করার সুবাদে বিচার বিভাগকে খুব কাছ থেকে দেখার মোটামুটি একটা সুযোগ হয়েছে। দেখেছি বিচারকদের সততা, ত্যাগ, তাঁদের নিষ্ঠা ও নিরাপত্তা। তাঁদের অনেকের দারিদ্র্যের ছাপও আমাদের অনেকের নজর এড়ায়নি। কয়েক দিন আগে আমার এক মক্কেলের মামলা হাইকোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। পরের দিন দেখলাম, মামলাটি শুনানির তালিকায় নেই। একটু শঙ্কিত হলাম, হয়তো একতরফা শুনানি হয়ে গেছে বা খারিজ হয়েছে। হন্তদন্ত হয়ে ছুটে গেলাম কোর্টে। গিয়ে দেখি, বিচারপতিদ্বয় কোর্ট থেকে নেমে গেছেন। বেঞ্চ অফিসারকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কী? আমার মামলাটি তালিকায় নেই কেন? বেঞ্চ অফিসার জানালেন, একজন বিচারপতি মামলাটি শুনতে অস্বীকৃতি জানিয়েছেন এই কারণে যে আমার ওই মক্কেল ঘটনাক্রমে ওই বিচারপতির আত্মীয়। আমার শ্রদ্ধা বেড়ে গেল ওই বিচারপতির ওপর। এই শ্রদ্ধা ও আস্থাকে পুঁজি করেই এ দেশের বিচারব্যবস্থা পরিচালিত হয়ে এসেছে। এই আস্থাকে নিজের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করেই ১০ বা ২০ জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও নির্বিঘ্নে বিচারকেরা সমাজে চলাফেরা করছেন। তাঁদের আত্মরক্ষার জন্য কোনো দেহরক্ষীর প্রয়োজন হয়নি।এ ধরনের সৎ, ত্যাগী ও নিষ্ঠাবান বিচারকের সংখ্যা এখনো আমাদের দেশে কম নেই। তাঁদের মূল্যায়ন না করেই যদি ঢালাওভাবে মন্তব্য করা হয়, ‘বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে’, তাহলে নিশ্চয়ই সেসব সৎ ও নিষ্ঠাবান বিচারক, আইনজীবী, কর্মচারী-কর্মকর্তার হূদয় ব্যথিত হবে, এটা খুবই স্বাভাবিক। সেই সঙ্গে আইনমন্ত্রীর উক্তিও সঠিক যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাহীনতা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তবে এটা সর্বজন স্বীকৃত যে বিচার বিভাগে দুর্নীতি ঢুকে গেছে। টিআইবির মন্তব্যের ওপর অভিমত ব্যক্ত করতে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেছেন, বিচার বিভাগের কিছুু কর্মচারী-কর্মকর্তা হয়তো দুর্নীতিবাজ, সে জন্য ঢালাওভাবে গোটা বিচার বিভাগকে দায়ী করা যায় না। এ কথাও অসত্য নয়। কিন্তু গোটা বিচারিক প্রক্রিয়াটি একটি সবার সম্মলিত প্রক্রিয়া। আদালতের পদাতিক থেকে শুরু করে আইনজীবী, পেশকার, সরকারি উকিল বা পিপি, পিয়ন, সিএসআই, বিচার বিভাগের কর্মচারী-কর্মকর্তা ও বিচারক সবারই বিচারকাজ সম্পাদনে ভূমিকা রয়ে গেছে।একজন তদন্ত কর্মকর্তা যদি রিমান্ডে নিয়ে আসামিকে দৈহিক নির্যাতনের ভয় দেখিয়ে আসামিপক্ষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আয় করেন, তাহলে বিচারপ্রার্থী কি ন্যায়বিচার পাবেন না। একজন পিপি বা এপিপি টাকা ছাড়া যদি সাক্ষীর হাজিরা না দেন, ন্যায়বিচার কি নিশ্চিত হবে না । ঘুষ দিয়ে যদি কাউকে জামিন নিতে হয়, তাহলেও ন্যায় বিচার হবে না। টাকার বিনিময়ে বা রাজনৈতিক প্রভাবে কোনো দাগি আসামিকে যদি ছেড়ে দেওয়া হয়, বিচারপ্রার্থী নিশ্চয়ই বলবেন না যে সুবিচার হয়েছে। একজন আইনজীবী যদি মক্কেলের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফি নিয়েও ইচ্ছাকৃতভাবে আদালতে তাঁর মামলায় অনুপস্থিত থাকেন, তবে নিশ্চয়ই তাঁর মক্কেলের প্রতি সুবিচার করা হলো না। কোনো বিচারক যদি টাকার বিনিময়ে ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন আদেশ বা রায় দেন, তবে তাকে কি ন্যায় বিচার বলা যাবে? আদালতের কোনো পিয়ন টাকা ছাড়া যদি হাকিমের সামনে ফাইল বা কেস না পাঠান; বেঞ্চ অফিসারকে টাকা না দিলে মামলা যদি তালিকাভুক্ত না হয়; আদালতের আদেশ বা রায় প্রকাশের পরও টাকা না দিলে সেই আদেশ বা রায় যদি সময়মতো সরবরাহ করা না হয় তাহলে ন্যায়বিচার কীভাবে হবে। দলীয় দৃষ্টিভঙ্গিতে বা মুখ চিনে কোনো বিচারক যদি প্রতিকার দিয়ে থাকেন, তাহলে তা কি দুর্নীতিমুক্ত বিচার হবে? যোগ্যতার মাপকাঠিতে নয়, নিছক নিজের দলের, নিজের সহযোগী বা নিজের আত্মীয়—এই সুবাদেই যদি নিয়োগ দেওয়া হয়, তবে কি দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করা সম্ভব? না জেনে বা না বুঝে একজন বিচারক বা আদালত সম্পর্কে বিকৃত করে কোনো খবর বা প্রতিবেদন পত্রপত্রিকায় প্রকাশ করলে তাতে কি বিচার বিভাগের ভাবমূর্তি বা বিচারের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট থাকবে? বারের সেক্রেটারি বা প্রেসিডেন্ট যদি নিজ পদমর্যাদাকে পেশাগত কাজে লাগান বা রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে দাঁড়ান, তাহলে বারের স্বকীয়তা কি বজায় থাকবে?এসব অপকর্ম কেউ কেউ যে করেছেন, তা পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। দেশের খোদ প্রধান বিচারপতি খুব আক্ষেপ করে বলেছেন, ‘জজ সাহেবদের কেউ না কেউ বলেছেন, তাঁর বিদায় অনুষ্ঠানে জায়নামাজ, কোরআন শরিফ না দিয়ে যেন একটা রেফ্রিজারেটর দেওয়া হয়।’ বিচারকদের দুর্নীতির অনেক খতিয়ান বা নজির প্রধান বিচারপতির কাছে আছে বলে তিনি জানিয়েছেন। তাই বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে থাকুক আর সবচেয়ে নিচে থাকুক, বিচার বিভাগের দুর্নীতি মানেই জাতিকে ধ্বংস করার শামিল। কেননা একটি রাষ্ট্রের জনগণের সর্বশেষ আশ্রয় হলো বিচার বিভাগ। কল্যাণকামী একটি রাষ্ট্রের প্রত্যেক বিভাগ, প্রত্যেক মানুষ, তা বা তিনি যত ক্ষমতাসম্পন্নই হোন, প্রত্যেকেই আইনের অধীন এবং প্রত্যেকেই আইনের সমান সুযোগ পাবেন। এটাই হচ্ছে আইনের শাসন। দলবাজির প্রতিযোগিতায় একে ধ্বংস হতে দেওয়া যায় না, এখানে বাদ-প্রতিবাদ পরস্পর লীন হয়ে একে অন্যের সঙ্গে বসবাস করতে হয় এবং জাতির অস্তিত্বের প্রয়োজনে তা হতেই হবে।এখনো সময় আছে। কোনোভাবেই আবেগতাড়িত না হয়ে ধীরস্থিরভাবে মুষ্টিমেয় দুর্নীতিবাজ ব্যক্তিদের বিচার বিভাগ থেকে বিতাড়িত করতে হবে। তাঁদের চিহ্নিত করা খুব কঠিন কাজ নয়; শুধু প্রয়োজন সদিচ্ছার।১৯৭৯ সালের দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস (কনডাক্ট) রুলস (The Government Servants [Conduct] Rules 1979 এবং (Prevention of Corruption Act-II 1947) বা দুর্নীতি দমন আইনের আওতায় কেউ তাঁর সম্পত্তির হিসাব, জ্ঞাত আয়বহির্ভূত আয়ের পরিমাণ ও পদমর্যাদার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জীবন নির্বাহ করছেন কি না, তা খতিয়ে দেখলেই দুর্নীতিবাজেরা চিহ্নিত হয়ে যাবেন। অনুরূপভাবে একজন আইনজীবী এবং বিচারকের পেশাগত সময়কাল কত, তাঁর সম্পত্তির পরিমাণ, অন্য বৈধ আয়ের উৎসের সন্ধান করলেই অনুধাবন করা যাবে কতটুকু সৎ বা অসৎ। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নিজ নিজ সম্পদের পরিমাণ বা খতিয়ান দাখিলের ওপর গুরুত্ব দিয়েছেন। এরই মধ্যে তিনি নিজের সম্পদের হিসাব-বিবরণী মহামান্য রাষ্ট্রপতির কাছে দাখিল করেছেন।পরিশেষে বলতে হয়, প্রদীপের নিচে অন্ধকার থাকলে চলবে না, যে বিচার বিভাগ দুর্নীতির বিচার করবে, সেই বিচার বিভাগে দুর্নীতির প্রশ্রয় দেওয়ার অবকাশ নেই, তা শীর্ষেই থাক বা সবচেয়ে নিচেই থাক। প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম শেখাও অপরে। সময় এসেছে আত্মশুদ্ধির, আস্ফাালনের নয়। মানুষ যেন সগর্বে বলতে পারে, সত্যনিষ্ঠ ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থায় তারা নিঃশঙ্কচিত্তে বসবাস করছে।লেখক  আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট