বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রয়োজন: প্রধান বিচারপতি
নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মানবাধিকার সমুন্নত রাখায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনজীবী ও বিচারপতিদের সমন্বিত প্রচেষ্টায় বিচার বিভাগের সমস্যার সমাধান সম্ভব। বিচার বিভাগের তদারকির জন্য আলাদা সচিবালয় প্রয়োজন। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা টেকসই হতে পারে না। কোনো ব্যক্তি যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি বার ও বেঞ্চের সম্মেলিত প্রচেষ্টায় নিশ্চিত করতে হবে। আজ বুধবার শপথ গ্রহণের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফিকের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে দুপুর সোয়া ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি প্রধান বিচারপতির কর্মময় জীবনী তুলে ধরে বক্তব্য দেন। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়নি। সমিতির সভাপতি ও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদের নেতৃত্বে রয়েছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১১ মে রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন প্রধান বিচারপতি হিসেবে মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।