বিচার বিভাগের ওপর অন্য বিভাগের শ্রেষ্ঠত্ব দাবি করা উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, রাষ্ট্রের তিনটি বিভাগ—আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। কেউ কারও ওপরে নয়।গতকাল শনিবার সকালে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বিচারপতি মো. ইমান আলীর টুওয়ার্ডস এ জাস্টিস ডেলিভারি সিস্টেম ফর চিলড্রেন ইন বাংলাদেশ বইয়ের প্রকাশনা উপলক্ষে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানের আয়োজন করে।এ বি এম খায়রুল হক বলেন, ‘বিচার বিভাগ কারও ওপরে তাঁর শ্রেষ্ঠত্ব দাবি করছে না। তাই আমরা অন্য কাউকে বিচার বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করতে দেব না। কারও বলা উচিত নয় যে তারা শ্রেষ্ঠ এবং তাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য। বিচার বিভাগ রাষ্ট্রের অন্য অঙ্গের ওপরে এর শ্রেষ্ঠত্ব দাবি করছে না। তাই বিচার বিভাগের ওপরে অন্য অঙ্গের শ্রেষ্ঠত্ব দাবি করা উচিত নয়। আমরা একে অপরের পরিপূরক। শ্রেষ্ঠত্ব বা সার্বভৌমত্বের মালিক বাংলাদেশের জনগণ। অন্য কেউ নয়। আমরা বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।’প্রধান বিচারপতি বলেন, ‘স্মরণ রাখতে হবে, আমাদের কারোরই স্বাধীন ক্ষমতা নেই। যেমন চাঁদের নিজের কোনো আলো নেই, এটা সূর্যের আলোয় আলোকিত হয়, তেমনি আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই।...সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। আমাদের ক্ষমতা জনগণ থেকে পাওয়া। তাদের ক্ষমতাই প্রকৃত ক্ষমতা।’ তিনি বলেন, ‘সংসদের ক্ষমতা জনগণের ক্ষমতা থেকে উৎসারিত। নির্বাহী বিভাগের ক্ষমতাও জনগণের ক্ষমতা থেকে পাওয়া। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত, তেমনি বিচার বিভাগের ক্ষমতা জনগণ থেকে উৎসারিত।’প্রধান বিচারপতি বলেন, ‘কারও বলা উচিত নয়, আমরা শ্রেষ্ঠ এবং তাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য। বিচার বিভাগের নিজেদের মতো জবাবদিহি রয়েছে। বিচার বিভাগের জবাবদিহি প্রকৌশলী, চিকিৎসক বা অন্যদের জবাবদিহির মতো নয়। জবাবদিহি ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয়। কবির জবাবদিহি তাঁর পাঠকের কাছে। বিচারকদের জবাবদিহি রায়ের যুক্তির মধ্যে। আমরা সৃষ্টিকর্তা ও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। তবে ভিন্নভাবে।’ বিচার বিভাগ নিয়ে টিআইবির প্রতিবেদনের বিষয়ে এ বি এম খায়রুল হক বলেন, এটা বিচার বিভাগের ওপর এক কলঙ্কচিহ্ন। এ বিষয়ে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তিদের শনাক্ত করাই কমিটি গঠনের উদ্দেশ্য। মূল্যায়ন কমিটি এ বিষয়ে কাজ করে যাচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, আর্থসামাজিক অবস্থার কারণে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তারা নানা অবস্থার শিকার। অপ্রয়োজনীয় অনেক মামলা আদালতে নিয়ে আসা হয়, যা বাইরে নিষ্পত্তি করা যায়। শিশুদের কারাগারে অপরাধীদের সঙ্গে রাখা হলে তাদের অপরাধপ্রবণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার মামলায় অভিযুক্ত শিশুদের কারাগারের বদলে অন্য কোথাও পাঠানোর চিন্তাভাবনা করছে বলেও তিনি জানান। ইউনিসেফের প্রতিনিধি কারেল ডি রয় বলেন, বাংলাদেশের শিশুদের অধিকার রক্ষায় বিচার বিভাগকে সমর্থন দিতে ইউনিসেফ অঙ্গীকারবদ্ধ।