বিচার বিভাগের ওপর মুরসির ‘নজিরবিহীন হামলা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের শীর্ষ বিচারকেরা অভিযোগ করেছেন, দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিচার বিভাগের ওপর ‘নজিরবিহীন হামলা’ চালাচ্ছেন। গত বৃহস্পতিবার মুরসি তাঁর ক্ষমতার পরিধি আরও বাড়িয়ে একটি অধ্যাদেশ জারির পর এ অভিযোগ করেছেন তাঁরা। নতুন এ অধ্যাদেশের বলে আদালত চাইলেও মিসরের সাংবিধানিক পরিষদ ভেঙে দিতে পারবে না। প্রেসিডেন্টের সিদ্ধান্ত ও তাঁর চালু করা আইনকেও চ্যালেঞ্জ করা যাবে না। এতে আরও বলা হয়, দেশটির সাংবিধানিক পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করবে।ওই অধ্যাদেশ জারি করার পাশাপাশি একই দিনে মুরসি তাঁর প্রধান আইন কর্মকর্তাকে (প্রোসিকিউটর জেনারেল) বরখাস্ত করেন। এই পদে নতুন ব্যক্তিকে নিয়োগের ক্ষমতাও নিজের হাতে রেখেছেন মুরসি। অধ্যাদেশ প্রসঙ্গে মুরসি বলেছেন, তিনি মিসরের বিপ্লব রক্ষায় ভূমিকা রাখছেন। তবে এক বিবৃতিতে মিসরের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এ অধ্যাদেশের বিরোধিতা করেছে। কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এ অধ্যাদেশের মাধ্যমে সব দিক থেকেই বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে।বিবিসির খবরে বলা হয়, মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক, তাঁর পরিবার ও বিগত সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধের তদন্ত পুনরায় শুরু করতেই মুরসি নতুন অধ্যাদেশ জারি করেছেন। বিশ্লেষকদের মতে, গত বছরের বিপ্লবে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ায় মোবারক দীর্ঘ কারাবরণ করছেন। তবে বিক্ষোভকারী হত্যায় জড়িত সাবেক সরকারের অনেক কর্মকর্তাই খালাস পেয়ে গেছেন। তাই তাদের বিচারের কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগ বেশ জনপ্রিয় হতে পারে। এদিকে বিরোধী দলগুলো মুরসির জারি করা অধ্যাদেশের বিরোধিতা করে গতকাল রাতে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ করেছে। এ সময় তাঁরা মুরসির দল মুসলিম ব্রাদারহুডের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগামী মঙ্গলবার বড় ধরনের সমাবেশের পরিকল্পনাও করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, মুরসির উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।