বিচার বিভাগের জবাবদিহি নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিচার বিভাগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার জন্য সাংবিধানিক বিধান অনুযায়ী আইন প্রণয়নের সুপারিশও করেছে কমিটি।আজ সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ২০০ বছরের রেওয়াজ অনুযায়ী ঢাকার জেলা জজ হতে হলে যে কারও জেলা জজ হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু গত অক্টোবরে এই নিয়ম ভেঙে জাহাঙ্গীর হোসেনকে ঢাকার জেলা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য কমিটির গত বৈঠকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলামকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি বৈঠকে আসেননি। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি পাননি। তবে আজকের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কোন নীতিমালায় জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে? কমিটির মতে, এই নিয়োগের দায় মন্ত্রণালয় ও বিচার বিভাগকে বহন করতে হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল কথা হচ্ছে কেউই জাবাবদিহির ঊর্ধ্বে নন। তাই কমিটি জানতে চায়, বিচার বিভাগ জবাবদিহির ঊর্ধ্বে কি না? তাঁরা যদি সংসদের কাছে জবাবদিহি করেন, সে ক্ষেত্রে কমিটির কাছেই করতে হবে। আর তাঁরা যদি তা না করেন, তবে কার কাছে জবাবদিহি করবেন? এ নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবেন। প্রধান বিচারপতি মতামত দেওয়ার পরই কমিটি এ নিয়ে আবার আলোচনা করবে। সংবিধানের ৭৬ (৩) বিধান অনুযায়ী সংসদ আইনের দ্বারা কমিটিকে সাক্ষীদের হাজির হওয়ার এবং দলিলপত্র জমা দিতে বাধ্য করার ক্ষমতা দিতে পারবে। এই বিধানের উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি। দুই প্রতিষ্ঠানের ব্যাখ্যা জানার পর তা নিয়ে কমিটিতে আলোচনা হবে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও জানান, সংসদীয় কমিটি-ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সংবিধানের ৭৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ও স্বাধীন প্রতিষ্ঠানগুলো সংসদীয় কমিটির কাছে কীভাবে দায়বদ্ধ থাকবে, তা পরিষ্কার করার জন্য আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। আইনের খসড়া হাতে পাওয়ার পর এ নিয়ে কমিটিতে পরামর্শ করে আইন চূড়ান্ত করা হবে। বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, কমিটির সদস্য ফজলে রাব্বি মিয়া, আবদুল মতিন খসরু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ফজলে নূর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।