বিচার বিভাগের জবাবদিহি বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক কেমন হবে, সে ব্যাপারে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মতামত জানতে চেয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিচার বিভাগের সাংবিধানিক জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়, কমিটি এ ব্যাপারে জানতে চেয়েছে। তাঁর মত হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে কারোরই জবাবদিহির ঊর্ধ্বে থাকার কথা নয়। এ বিষয়ে ৭ ও ২০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের অনুমতি লাভ করেননি, এ যুক্তিতে তিনি উপস্থিত হননি। সংসদীয় কমিটিতে সুপ্রিম কোর্টের কোনো প্রতিনিধিকে আহ্বান জানানোর ঘটনা এটাই প্রথম। এ বিষয়ে আইনবিদেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তানজিম আল ইসলাম।অরাজকতা তৈরি হবেমোহাম্মদ গোলাম রাব্বানীঅবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টবিচার বিভাগ সংসদ বা সংসদীয় কমিটির নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। উচ্চ আদালতে বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। এখানে কোনো দুর্নীতি বা অনিয়মের ক্ষেত্রে তদন্ত হতে পারে। সংসদ যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে চায় কিংবা জবাবদিহি নিশ্চিত করতে চায়, তাহলে অরাজকতা তৈরি হবে। সংবিধানে পৃথক তিনটি বিভাগের স্বাতন্ত্র্যের কথা বলা আছে। সংবিধানে বলা আছে, বাংলাদেশের প্রধান বিচারপতি। কারণ প্রধান বিচারপতির পদটি স্বতন্ত্র। অন্যান্য দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লেখা আছে। রাষ্ট্রের একটি স্বাধীন অঙ্গের খবরদারি অন্য বিভাগ করবে কেন। সাংসদেরা কার কাছে জবাবদিহি করেন। তাঁদের জবাবদিহি বা নিয়ন্ত্রণ কার কাছে? মন্ত্রীদের নিয়ন্ত্রণ কার কাছে—এ প্রশ্নগুলো সামনে আনতে হবে। তাই বিচার বিভাগের জবাবদিহির জন্য সংসদীয় কমিটি তলব করতে পারে না। বিচার বিভাগের প্রত্যেকের তাঁর নিজের বিবেকের কাছে জবাবদিহি থাকতে হয়।ঢাকা জেলা জজের নিয়োগের বিষয়টি পরিষ্কার করা উচিতরফিক-উল হকসাবেক অ্যাটর্নি জেনারেলসংসদীয় কমিটির কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের হাজির হওয়া উচিত ছিল বলে মনে করি। সংসদীয় কমিটি ঠিক কাজই করেছে রেজিস্ট্রারকে ডেকে। প্রতিটি বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকায় জেলা জজের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়গুলো পরিষ্কার করা উচিত। এ ব্যাপারে স্বচ্ছতা আনা উচিত। প্রধান বিচারপতিরই ভূমিকা রাখতে হবে এখানে। বিচার বিভাগের কোন খাতে কত ব্যয় হচ্ছে, বদলির প্রক্রিয়া, কোন বিচারপতি কয়বার বিদেশ ভ্রমণ করলেন—এসব বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারই ভালো বলতে পারবেন। কমিটির কাছে এ বিষয়ে জানানো হলে দোষের কিছু দেখছি না এবং অবশ্যই তা করা উচিত। নিম্ন আদালত ও উচ্চ আদালত উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রার কার্যালয়ের ভূমিকা তো আমরা দেখতে পাই।বিচার বিভাগ জবাবদিহির ঊর্ধ্বে নয়খন্দকার মাহবুব হোসেনসভাপতি, সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতিবিচার বিভাগের জবাবদিহি কারও ঊর্ধ্বে নয়। বিচার বিভাগকেও সাংবিধানিকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংসদ হচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। সংসদীয় কমিটি কাউকে কোনো বিষয়ে তলব করলে তাতে সাড়া দেওয়া উচিত, তিনি যে বিভাগেরই হোন না কেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে সংসদীয় কমিটিতে গিয়ে বিচার বিভাগ সম্পর্কে জ্ঞাত করা উচিত। বিচার বিভাগ সম্পর্কে কোনো অস্বচ্ছতা রাখা উচিত নয়। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। উচ্চ আদালত ও নিম্ন আদালত সম্পর্কে যথাযথ তথ্য রেজিস্ট্রারকে কমিটিতে জানানো উচিত।রেজিস্ট্রার কার্যালয়ের অনেক অনিয়মের কথা জানা আছেআবদুল বাসেত মজুমদারসহসভাপতি বাংলাদেশ বার কাউন্সিলবিচার বিভাগের দুর্নীতি আর বিচার বিভাগের জবাবদিহি বলতে কী বোঝানো হচ্ছে, এগুলো আমাদের আগে স্পষ্ট করতে হবে। সংসদীয় কমিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকেছে। এতে বিচার বিভাগের প্রতিনিধি হিসেবে তাঁর যাওয়া উচিত। সুপ্রিম কোর্টের ভাবমূর্তি উজ্জ্বল হবে বর্তমান প্রেক্ষাপটে। সংসদীয় কমিটির এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এখন যাঁকেই ডাকা হবে, তিনি আসবেন না, এ রকম একটি ক্ষেত্র তৈরি হয়ে গেছে। রেজিস্ট্রার কার্যালয়ের অনেক অনিয়মের কথা আগেও শোনা গেছে। আমরাও জানি। যেকোনো সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় বিষয়ে সংসদীয় কমিটির এখতিয়ার রয়েছে তদারকি করার। বর্তমান প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের তথা বিচার বিভাগের স্বচ্ছতার প্রশ্নে সংসদীয় কমিটিতে হাজির হলে এতে দোষের কিছু দেখছি না। আমার তো মনে হয়, সংসদীয় কমিটি আইনজীবীদের প্রতিনিধিসহ অন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের ডাকতে পারে।সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে জবাবদিহি করতে পারে নাএম জহিরজ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টরাষ্ট্রের তিনটি স্তম্ভ সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। একটি আরেকটির ওপর যেন হস্তক্ষেপ করতে না পারে। এটা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ, সংসদীয় কমিটির কাছে এর জবাবদিহি থাকতে পারে না। সুপ্রিম কোর্ট হচ্ছেন সংবিধানের অভিভাবক। আমাদের জানতে হবে, এই যে জবাবদিহির কথা বলা হচ্ছে, এর মানেটা কী। রাষ্ট্রের তিনটি স্তম্ভের মর্ম বুঝতে হবে। একটি অঙ্গ আরেকটির ওপর হস্তক্ষেপ করতে পারে না এবং জবাবদিহি চাইতে পারে না। সুপ্রিম কোর্ট একটি স্বতন্ত্র স্তম্ভ। বর্তমানে যে বিতর্ক চলছে সংসদীয় কমিটিতে জবাবদিহির বিষয়ে, এর কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে জবাবদিহি করতে পারে না।আইন মন্ত্রণালয়ের কাজ তদারকি করা উচিত মাহবুবে আলমঅ্যাটর্নি জেনারেলবিচার বিভাগের জবাবদিহি সংসদীয় কমিটিতে করতে হলে এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে বলে মনে করি। নিম্ন আদালতের বিচারকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনগুলো থেকে তথ্য নেওয়া যেতে পারে এবং জানতে পারে। আর উচ্চ আদালতের বিচারপতিদের দুর্নীতির বিষয়ে এবং তাঁদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো রয়েছেই। এখানে দেখতে হবে, সংসদীয় কমিটির এখতিয়ার কতটুকু। সংসদীয় কমিটি বিচার বিভাগের জবাবদিহির জন্য সুপ্রিম কোর্টকে বলতে পারে না। বিচার বিভাগের কোনো বিষয়ে তারা আইন মন্ত্রণালয়ের কাজ তদারকি করতে পারে। কারণ, বিচার বিভাগের বদলি এবং অন্যান্য বিষয়ে আইন মন্ত্রণালয়ের ভূমিকা আছে। সুপ্রিম কোর্টকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। এখন একটি প্রশ্ন আসছে, বিচারকদের ইমপিচমেন্ট বা অভিশংসনের বিষয়টি সংসদের হাতে ফিরিয়ে দেওয়া উচিত কি না। এ বিষয়েও এর ভালো ও মন্দ দিক নিয়ে ভাবতে হবে। বিচারকদের দুর্নীতির বিষয়ে বা অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) খতিয়ে দেখতে পারে। আইন অনুযায়ী দুদকের এই এখতিয়ার আছে বলে আমার মত। সুপ্রিম কোর্ট বিষয়ে সংসদীয় কমিটিকে তদারকি করতে দেওয়া উচিত হবে না।বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিলেই হয়মওদুদ আহমদসাবেক আইনমন্ত্রীবর্তমান সরকার কথায় কথায় ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বলে থাকে। তারা যদি বিচার বিভাগকে জবাবদিহি করতে চায়, তাহলে ’৭২-এর সংবিধানে যেটা ছিল, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিলেই হয়। সংসদীয় কমিটির বিচার বিভাগের জবাবদিহি নিয়ে এত কথা না বললেও চলে। বিতর্ক আর তৈরি হয় না। পঞ্চম সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচার বিভাগের জবাবদিহির বিষয়টি আরও স্পষ্ট করা হয়। এটি করা হয়েছিল অধিকতর স্বচ্ছতার জন্য। বর্তমান সরকার যদি মনে করে, বিচারকদের দুর্নীতি ও অনিয়মের তদারকির বিষয়টি সংসদের হাতে ন্যস্ত করা উচিত, করতেই পারে। সংসদীয় কমিটির এত কথা বলা লাগে না। বর্তমান বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে। প্রধান বিচারপতি নিজেও জেলা জজদের দুর্নীতির বিষয়টি স্বীকার করেছেন। এখন এই প্রেক্ষাপটে বিচার বিভাগের জবাবদিহির প্রশ্ন আসতেই পারে। তবে সংসদীয় কমিটির এত কথা না বলে সংসদকেই এ বিষয়ে ঠিক করতে হবে, বিচার বিভাগের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়।