বিচার বিভাগের নড়েচড়ে বসার সময় এসেছে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘মাঝে মাঝে সময় আসে, যখন নিজ দায়িত্বের বাইরেও কিছু দায়িত্ব পালন করতে হয়। এখন মনে হয়, বিচার বিভাগের নড়েচড়ে বসার সময় এসেছে।’ তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা যেন হারিয়ে না যায়।টাঙ্গাইলে গণধর্ষণের শিকার অসুস্থ স্কুলছাত্রীকে আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে মিজানুর রহমান এ কথা বলেন। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওই অসুস্থ ছাত্রীর খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বলার ভাষা আমার নেই! ওই ছাত্রী মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছে। ঘুমিয়ে থাকার কারণে তার সঙ্গে কথা হয়নি। ওর গায়ে জ্বর।’ কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মেয়েটির মা আমাকে দুটি বাক্য বলেছেন। তা হলো, আল্লাহর ভরসায় ফেলে রাখলে বিচার হয় না। মানুষের বিচার মানুষকেই করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়—এ কথা মুখে নয়, কাজ করে দেখাতে হবে। কিন্তু আইন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।’মিজানুর রহমান জানান, মেয়েটি আজ তার মায়ের সঙ্গে কথা বলেছে। সে বাড়ি ফিরে যেতে চায়।প্রসঙ্গত, ওই স্কুলছাত্রীকে তার বান্ধবী বেড়াতে যাওয়ার কথা বলে গত ৭ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মধুপুরের সুপ্তি কম্পিউটারের কর্মচারী রুবেল ও তার বন্ধু হারুনসহ পাঁচ-ছয় যুবক ওই ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। এরপর এলাকাবাসী রেললাইন থেকে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।