বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা খুব কম। তারা স্বাভাবিক প্রক্রিয়ায় কোথাও ন্যায়বিচার পাচ্ছে না। দেশে গণতন্ত্রের নামে একধরনের ফ্যাসিবাদ চলছে। তবে এ পরিস্থিতি এক দিনে বা এক শাসনামলে সৃষ্টি হয়নি। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিরপেক্ষ প্রশাসন ও কার্যকর সংসদ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘আইনের শাসনের বর্তমান অবস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা গণতন্ত্র ও মানুষের পক্ষে দাঁড়ানোর লক্ষ্যে জনমত গড়ে তোলা এবং বিচারবঞ্চিতদের গণশুনানি আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে সভাপতির বক্তৃতায় অধ্যাপক মোজাফ্ফর আহমদ আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রতিবাদী কণ্ঠকে সব সময় বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলে। এখনো তা চলছে। তিনি বলেন, দেশে আইনের শাসনের দুর্বলতার কারণ হলো, এখানে কোনো জবাবদিহি নেই। ফলে কেউ কোথাও বিচার পাচ্ছে না। এটি সমাজের জন্য কষ্টকর, শ্বাসরুদ্ধকর ও বিপজ্জনক। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক আবু ওবায়দুর রহমান অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় সংসদকে কার্যকর করা এবং জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলতে হবে বলে উল্লেখ করা হয়। আর এ কাজে দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।সৈয়দ আবুল মকসুদ দেশে আইনের শাসন নেই দাবি করে বলেন, আইনের শাসন না থাকলে সেটা হয় ফ্যাসিবাদ। বর্তমানে দেশে সেই ফ্যাসিবাদই চলছে। ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে আইনকে ব্যবহার করা হচ্ছে। আইনের শাসন না থাকলে অর্থনীতি, রাজনীতি—কোনো কিছুই ঠিকমতো চলে না।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, দেশে আইনের শাসন নেই। বর্তমানে কাউকে ধরলেই রিমান্ডে নিয়ে যাওয়া হয়। রিমান্ডের এ ছড়াছড়ি অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতার ৪০ বছরেও বিচারক নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। দেশে অঘোষিত ফ্যাসিজম দেখতে পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আইনের শাসন সংস্কৃতির ব্যাপার। সরকারকেই এ জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, ‘আমাদের দেশে আইনের শাসনের মূল দুর্বলতা হলো, এখানে জবাবদিহির ব্যবস্থা নেই।’ তিনি বলেন, ন্যায়বিচার পাওয়া নিয়ে মানুষের মধ্যে একধরনের অবিশ্বাস রয়েছে। এটা সমাজের জন্য শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি করেছে। পরিতাপের বিষয়, বিচার বিভাগের ওপর এখন সাধারণ মানুষের আস্থা নেই।সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী বলেন, আইনের শাসন আজ নির্বাসিত। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ এবং সীমান্তে মানুষ হত্যা, জমি দখলের করুণ অবস্থা ভারতীয় সরকারের কাছে তুলে ধরে তার প্রতিকারের ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ জানান।বিচারপতি এবাদুল হক জনগণকে এমন প্রতিনিধি নির্বাচন করতে বলেন, যাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশে কখনোই আইনের শাসন ছিল না। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সবার সম-সুযোগ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দুর্নীতির বিষয়ে তিনি গণশুনানির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে বলেন, সেখানে মানুষ তাদের করুণ অভিজ্ঞতা তুলে ধরবে।বদিউল আলম মজুমদার দেশে ভোটের অধিকার এবং সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্য প্রথমেই আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র টিকে থাকে না।