বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা খুব কম। কারণ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কোথাও ন্যায়বিচার পাচ্ছে না। তবে এ পরিস্থিতি একদিনে বা এক শাসনামলে সৃষ্টি হয়নি। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘আইনের শাসনের বর্তমান অবস্থা’ শীর্ষক আজ সোমবার এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর প্রেসক্লাবে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মোজাফফর আহমেদ। স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। মুজাফফর আহমেদ বলেন, দেশে আইনের শাসনের দুর্বলতার কারণ হলো, এখানে কোনো জবাবদিহিতা নেই। ফলে কেউ কোথাও বিচার পাচ্ছে না। এটি সমাজের জন্য কষ্টকর, শ্বাসরোধ্যকর এবং বিপজ্জনক অবস্থা। আইন ও শালিস কেন্দ্রের উপপরিচালক আবু ওবায়দুর রহমান অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় সংসদকে কার্যকর করা এবং জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে হবে বলে উল্লেখ করা হয়। আর এ কাজে দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।বৈঠকে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, টিআইবির চেয়ারম্যান হাফিজউদ্দিন খান, এনাম আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।