বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বিচারক স্বল্পতা ও বিচারকাজ পরিচালনায় দীর্ঘসূত্রতার কারণে মামলাজট তৈরি হয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, সংবিধানে সব নাগরিকের নানা মৌলিক অধিকারের কথা বলা আছে। সেসব অধিকার সুরক্ষায় ও সংবিধান নির্দেশিত পন্থায় বিচারকাজ পরিচালনা করা বিচারকের দায়িত্ব। বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ।আজ শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ১০০তম বিচার প্রশাসন-সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মো. হামিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ২৫ দিনব্যাপী আয়োজিত এ মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন ৩৯ জন প্রশিক্ষণার্থী।আইনমন্ত্রী বলেন, আদালতে মামলাজট কমিয়ে বিচারপ্রক্রিয়ার গতি বাড়াতে সরকার দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির প্রযোজ্য ধারাগুলো পরিবর্তন করার চিন্তা করছে। এ ছাড়া দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সরকার বাধ্যতামূলক বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থা চালুর চিন্তা করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। কাজেই আইন অনুযায়ী বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোর্স পরিচালক মো. মফিজুল ইসলাম।