বিচার বিভাগের স্বাধীনতার ওপর হামলা চলছে। আইনের পথ রুদ্ধ করার ফলে কোনো বিশেষ অবস্থার সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে।আজ বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ, আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল, নাটোরে বিএনপির নেতা বাবু হত্যার বিচারসহ সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। অন্যান্য বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হয়।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিত কর্মসূচি নিয়ে এগোচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদ’ করতে চায় সরকার। খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশও কেবল রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ক্যান্টনমেন্ট বোর্ডকে দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের অন্যায় কর্মকাণ্ড বিএনপি আর বসে বসে দেখবে না। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাবে। এই শান্তিপূর্ণ আন্দোলনে উসকানি দিয়ে বিশেষ অবস্থার সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে। বিএনপি নেবে না।সিরাজগঞ্জের ঘটনায় জনমত যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রেন দুর্ঘটনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি বিরোধী দলের উসকানি, তা প্রমাণ হয়ে যাবে।বিএনপির সহসভাপতি ও মেয়র সাদেক হোসেনের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ বক্তব্য দেন।