বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ও মামলার স্তূপ কমাতে পৃথক তদারকি ব্যবস্থা প্রয়োজন। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় ছাড়া এর স্বাধীনতা টেকসই হতে পারে না। গতকাল বুধবার শপথ গ্রহণের পর আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবী ও বিচারকদের প্রচেষ্টায় বিচার বিভাগ পৃথক্করণ সম্ভব হয়েছে। নির্বাহী বিভাগ থেকে পৃথক্করণের পর বিচার বিভাগ নতুন যুগে পা রেখেছে। এটা কেবল শুরু। লক্ষ্য অর্জনে আমাদের অনেক দূর যেতে হবে। এ যাত্রায় কোনো বাধা আসবে না, এমনটা বলা যাবে না। অবশ্য আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় আমরা এসব বাধা অতিক্রম করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস।’ এর আগে সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে শপথবাক্য পাঠ করান। বেলা সাড়ে ১১টার দিকে নতুন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আসেন। দুপুর সোয়া ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান চলে। এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাংশ নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানান। তবে সভাপতি ও সম্পাদকসহ সমিতির নেতৃত্বে থাকা বিরোধী দল-সমর্থক অংশ নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিবে না বলে আগেই জানিয়ে দেয়। নতুন প্রধান বিচারপতি বলেন, ‘আধুনিক ও বিশ্বায়নের যুগে মামলা ব্যবস্থাপনা, আদালত প্রশাসনসহ অন্যান্য কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার আবশ্যক। এ জন্য আমরা দাপ্তরিকভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চালু করেছি। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মামলার বর্তমান অবস্থা জানা সম্ভব। এ ছাড়া সারা দেশে তথ্য যোগাযোগ (ডেটা কানেকটিভিটি) কর্মজাল চালু করা হবে।’ মোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের আদালতগুলো মামলায় ভারাক্রান্ত। যেমন—২০১০ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল আট হাজার ৮৫টি। এখন সেই সংখ্যা প্রায় ১০ হাজার ৫৭৫-এ দাঁড়িয়েছে। যদিও গত কয়েক মাসে আমরা হাইকোর্ট বিভাগের মামলার স্তূপ কমাতে চেষ্টা করেছি। আপিল বিভাগে মামলা বাড়ার বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি। আদালতগুলোকে মামলাজট কমানো এবং মামলা ব্যবস্থাপনায় আরও বেশি দক্ষতা দেখাতে হবে।’ নতুন প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের সহযোগিতায় দেশের মানুষের, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও মামলার উচ্চ খরচ বহনে অক্ষম মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে। তিনি বলেন, ‘সংবিধানের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের সবার ব্রত হওয়া উচিত। আমাদের লক্ষ্য সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা, বিশেষ করে দরিদ্র, সামাজিকভাবে অবহেলিত, নারী ও শিশু এবং বয়স্ক, যাদের ভুলভাবে দুর্বল অংশ হিসেবে লেবেল সেঁটে দেওয়া হয়েছে। সুযোগ ও অর্থের অভাবে যেন কোনো নাগরিক ন্যায়বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়, এ জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি, বিচারক ও আইনজীবীদের সক্রিয় সমর্থন পাওয়া গেলে এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব।’ অনুষ্ঠানে নতুন প্রধান বিচারপতির কর্মময় জীবন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারপতিদের অভিশংসন (ইমপিচমেন্ট) বা অপসারণের বিষয় খুবই গুরুত্বসহকারে বিবেচিত হচ্ছে। এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে, না সংসদের হাতে যাবে—এ নিয়ে আমরা সবাই অপেক্ষায় আছি। এ বিষয়টি যাঁরা সংসদের হাতে নিতে চান, তাঁদের একটি বিষয় বিবেচনায় রাখা উচিত—যদি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া যায়, সে ক্ষেত্রে আদালতের বিচারপতি হিসেবে যাঁর অভিশংসন হওয়া উচিত, তিনি এ সুযোগে বহাল তবিয়তে অবস্থান করবেন এবং বিচার বিভাগের ক্ষতি করতে থাকবেন। অন্যদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতায় একজন বিচারপতি যখন অসদাচরণের দায়ে অভিযুক্ত হন, তখন অপসারণের পদক্ষেপ নিতে পারে। আমার আকুল আবেদন সাংসদ ও আপনাদের প্রতি, শুধু অসদাচরণ নয়, এর সঙ্গে অদক্ষতাও যুক্ত হোক।’ ১১ মে দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে মোজাম্মেল হোসেন নিয়োগ পান। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল অবসরে যান। বিচারপতি মোজাম্মেল হোসেন তাঁর স্থলাভিষিক্ত হন। কর্মময় জীবন: বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১৯৪৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পুমদী গ্রামে (বড়বাড়ী) জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আলহাজ আহমেদ হোসেন ছিলেন শিক্ষক। বিচারপতি মোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করেন। পরে কিশোরগঞ্জ বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং যুক্তরাজ্যের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের এবং ২০০৯ সালের জুলাই মাসে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। গত বছরের মে মাসে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিচারপতি মোজাম্মেল হোসেন নাইজেরিয়ার মাইদিগুরি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক ছিলেন। তাঁর সহধর্মিণী ডা. গুলশান আরা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। দুই ছেলে ব্যারিস্টার মোতাহার হোসেন ও ব্যারিস্টার মোদ্দাসির হোসেন হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। কুশপুত্তলিকা দাহ: গতকাল দুপুর পৌনে একটার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনে বিদায়ী প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক এম বদরুদ্দোজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।