মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া গতি পাচ্ছে না। এ প্রক্রিয়া শুরু হওয়ার পর নয় মাস হতে চলল। কিন্তু পর্যাপ্ত তথ্য-উপাত্ত, প্রমাণ সংগ্রহ করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রমতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থার গতিহীনতা ও জনবলের সংকট বিচার-প্রক্রিয়াকে আটকে দিয়েছে।তবে অপরাধ ট্রাইব্যুনালের দক্ষতা বাড়াতে নরওয়ের ‘অসলো সেন্টার ফর হিউম্যান রাইটস’-এর সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত সংস্থাকে আরও গতিশীল করতে সংস্থায় একজন প্রধান কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করতে বিদেশি পত্রিকা চেয়ে কয়েকটি দেশে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে অনেক আন্তরিক। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা ঠিক নয়। কিন্তু সুষ্ঠু তদন্তের জন্য সঠিক তথ্য ও প্রমাণের দরকার, যা সংগ্রহ করতে তদন্ত সংস্থা কাজ করছে। বিচার-প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হয়, সে জন্যই কিছুটা সময় লাগছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, জানুয়ারিতেই বিচার শুরু হবে।তবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, দ্রুত বিচার হোক। কিন্তু যেভাবে বিচার-প্রক্রিয়া এগোচ্ছে, তাতে মনে হচ্ছে, শিগগিরই এ বিচার করা সম্ভব হবে না।’সরকারি সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে আন্তর্জাতিকভাবে তেমন সাড়া মেলেনি। তথ্যপ্রমাণ, দলিল বা কোনো চিঠিপত্র থাকলে তা দিয়ে সহায়তা করতে সাত দেশে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া স্থিরচিত্র, ভিডিও ও পেপার কাটিংসহ যেকোনো ধরনের তথ্য পাঠাতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় সহায়তা চেয়ে চিঠি পাঠালেও আন্তর্জাতিক অঙ্গন থেকে তেমন সাড়া মেলেনি।এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। গতকাল বুধবার প্রথম আলোকে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে তথ্যপ্রমাণ পেতে যে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, তা দেখা যায়নি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াতে ইসলামী ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা নানা তৎপরতা শুরু করেছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ’৭৩-এর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব বিষয় কূটনৈতিকভাবে মোকাবিলার জন্য উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে ট্রাইব্যুনালের জন্য যে সংখ্যক সৎ ও দক্ষ আইনজীবী প্রয়োজন, তা-ও নেই, আর জনবল ও স্থানসংকট তো রয়েছেই। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধীর বিচার শুরু করা নিয়ে শঙ্কা আছে।তদন্ত সংস্থার কাজ: মানবতাবিরোধী অপরাধের বিচারে পর্যাপ্ত তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য কাজ করছে তদন্ত সংস্থা। তবে এখন পর্যন্ত আটক পাঁচ নেতার বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারেনি তদন্ত সংস্থা। গত ২ নভেম্বর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৩ ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন অথবা প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। তদন্ত সংস্থার এক সদস্য জানান, সাঈদীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে। তবে আরও তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য সময়ের আবেদন করা হবে।মুক্তিযুদ্ধের সময় গঠিত এস ফোর্স ও ৩ নম্বর সেক্টরের কমান্ডার এবং সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, বিচার-প্রক্রিয়ায় সরকারের কোনো তৎপরতা বা গতি দেখা যাচ্ছে না। এ বিচার শুরু করতে যাদের সহযোগিতা প্রয়োজন অর্থাৎ প্রশাসনকে তেমন সক্রিয় মনে হচ্ছে না। তিনি বলেন, সরকারের তিন বছর হয়ে গেলেই তখন নির্বাচনী প্রচার নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। তাই এ সরকারের মেয়াদে বিচার শুরু হবে কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বলেন, ‘বিচারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিন্তু তার পরও কেন বিচার শুরু হচ্ছে না, তা আমার বোধগম্য নয়।’তদন্তকাজ ও তদন্ত দলের সফর: তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের (প্রসিকিউটর) সদস্যদের সমন্বয়ে প্রতিনিধিদল খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় যায়। এরপর শেরপুর, কুমিল্লা, বাগেরহাট জেলায়ও যায়। সর্বশেষ পাবনা যায় প্রতিনিধিদল।সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরে মাওলানা সাঈদীর বিরুদ্ধে, ময়মনসিংহে মো. কামারুজ্জামানের বিরুদ্ধে, কাদের মোল্লার বিরুদ্ধে মিরপুরে, চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। অভিযোগের ব্যাপারে আংশিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে। এ ছাড়া পাবনায় মাওলানা ইসহাক ও ময়মনসিংহে মো. আবদুল হান্নানের বিরুদ্ধে অভিযোগের তথ্য-উপাত্ত পাওয়া গেছে।তদন্ত সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে। কিন্তু বুঝতে হবে, যাঁদের আমরা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছি বা যুদ্ধাপরাধী বলছি, তাঁরা সবাই ছিলেন ইন্ধনদাতা। সরাসরি অংশ না নেওয়ায় তাঁদের বিরুদ্ধে সঠিক তথ্যপ্রমাণ পাওয়া কষ্টকর, যে কারণে বিচারের বিষয়টি সময়সাপেক্ষ।ট্রাইব্যুনাল: এ বছরের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ। এ ছাড়া নিয়োগ দেওয়া হয় আইনজীবী (প্রসিকিউটর) ও তদন্ত কর্তকর্তা। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত হয় অপরাধ ট্রাইব্যুনাল। ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ট্রাইব্যুনাল। তবে স্থান সংকুলান না হওয়ায় গত ৪ জুলাই বেইলি রোডে তদন্ত সংস্থার কার্যালয় স্থানান্তর করা হয়। বর্তমানে ৩৯/এ বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ভবন-২-এর পঞ্চম তলায় বসে কাজ করছেন সংস্থার সদস্যরা। ওখানে আইনজীবীদের কার্যালয়ও রয়েছে।নয় মাসের কার্যক্রম: মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদকে গত ২৯ জুন এবং কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়। অভিযোগের সুষ্ঠু তদন্তে ২২ জুলাই জামায়াতের এই চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করে তদন্ত সংস্থা। আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২৫ জুলাই ট্রাইব্যুনালে জমা দেন। ২৬ জুলাই ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপর ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের চার নেতাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখতে বলা হয়। আসামিরা হলেন, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। ওই দিন চারজনকে প্রিজন ভ্যানে করে প্রথম ট্রাইব্যুনালে নেওয়া হয়।মামলা ও গ্রেপ্তার: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য এ পর্যন্ত সারা দেশে ২৭৬টি মামলা হয়েছে। ঢাকা রেঞ্জে ৪১টি, চট্টগ্রাম রেঞ্জে ২৬, রাজশাহীতে ৫৮, খুলনায় ১২৮ ও বরিশালে ১৮টি মামলা হয়েছে। এসব মামলার আসামি করা হয়েছে প্রায় এক হাজার ব্যক্তিকে। আর গ্রেপ্তার করা হয়েছে মাত্র ১০ জনকে।তথ্য সংগ্রহে তৎপরতা: সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি পত্রিকা চেয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠায়। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রিকার ১০৫টি কপি, অস্ট্রেলিয়ার ছয়টি ও যুক্তরাজ্যের ৬০টি কপি চাওয়া হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৮০টি, অস্ট্রেলিয়া থেকে দুটি ও যুক্তরাজ্য থেকে ৪৮-৪৯টি সংখ্যা পাওয়া গেছে। এতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তথ্য রয়েছে। একই সহায়তা চেয়ে ভারতের নয়াদিল্লি ও কলকাতা, জার্মানি, জাপান, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনেও চিঠি পাঠানো হয়। এ ছাড়া প্রত্যেক জেলা প্রশাসকের কাছে বধ্যভূমি, গণকবর ও নিহত ব্যক্তিদের বিষয়ে তথ্য-উপাত্ত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সূত্র জানায়, কাজ শুরুর পরপরই প্রতিটি জেলায় চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ তৃতীয়বারের মতো জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। জবাব এসেছে মাত্র ২০টি জেলা প্রশাসন থেকে। তবে জবাব অধিকাংশই অসম্পূর্ণ।সমন্বয়হীনতা: মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের মধ্যে কোনো সমন্বয় নেই। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সভায় এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের আইনজীবী প্যানেল রয়েছে। তাঁদের অফিসসহ বিভিন্ন বিষয়ের যেমন অভাব রয়েছে, তেমনি সমন্বয়ের অভাবও রয়েছে। তদন্তকারী দলের মধ্যেও কাজের সমন্বয় নেই।’