বিচার শুরু হচ্ছে, তিন আসামির বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির (৩০) হত্যা মামলার বিচার প্রায় দুই বছর পর আবার শুরু হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালত সাফায়েত সোবহান সানবীরসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সানবীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে।আদালত সূত্র জানায়, আসামিপক্ষ গতকাল এ মামলার কার্যক্রম স্থগিত-সংক্রান্ত হাইকোর্টের আদেশ দাখিল করতে না পারায় আদালত শুনানির আদেশ দেন। আসামিপক্ষ হাইকোর্টের আদেশ দাখিল করার জন্য এর আগে চারবার সময় নিয়েছেন।২০০৮ সালের ৮ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাব্বির হত্যার অভিযোগে সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিচারের জন্য মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর আসামিপক্ষের আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেন। গতকাল আদেশ দাখিল করতে না পারায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।অন্য আসামিদের মধ্যে দারোয়ান নুরে আলেম ও হুমায়ুন কবিরের বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে। এ ছাড়া বসুন্ধরার পরিচালক শামসুদ্দিন ও সানবীরের সহযোগী (কথিত মামা) খায়রুল হাসান উজ্জ্বল জামিনে আছেন। তাঁদের ১৬ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই রাতে খুন হন সাব্বির। পরদিন সকালে গুলশান ১ নম্বরের ১০৪ নম্বর সড়কের ৩/জি নম্বর বাসার নিচতলায় দেয়ালের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দিন আহমেদ ৫ জুলাই সকালে গুলশান থানা পুলিশকে ফোনে জানান, ওপর থেকে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। ৭ জুলাই গুলশান থানায় ‘অজ্ঞাত আসামি’র হাতে সাব্বির খুন হয়েছেন উল্লেখ করে পুলিশ হত্যা মামলা করে। ঘটনার দিনই বিদেশে চলে যান সানবীর।